মালয়েশিয়াগামী ৭৬ যাত্রীসহ ডুবছিল বোট, উদ্ধার করল নৌবাহিনী

ছবি: আগামীর সময়
গভীর সমুদ্রে ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে ডুবতে থাকা একটি কাঠের বোট থেকে ৭৬ জন মালয়েশিয়াগামী যাত্রীকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ১১ জনকে মানব পাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করে আটক করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে সেন্ট মার্টিন লাইট হাউস থেকে প্রায় ৮১ মাইল দূরে গভীর সমুদ্রের ঘটনা এটি। নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ অভিযান চালিয়ে বোটটি উদ্ধার করে।
নৌবাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই এলাকায় মাছ ধরছিল এফভি ক্রিস্টাল-১ নামের একটি বোট। এ সময় জেলেরা ইঞ্জিন বিকল অবস্থায় সমুদ্রে ভাসতে থাকা কাঠের বোটটি দেখতে পান। বোটে থাকা কয়েকজনের আচরণ সন্দেহজনক মনে হলে তারা বিষয়টি নৌবাহিনীকে জানান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বানৌজা খালিদ বিন ওয়ালিদ। তখন বোটটিতে পানি ঢুকছিল। নৌসদস্যরা দ্রুত পানি নিষ্কাশন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বোটে থাকা ৭৬ জনকে উদ্ধার করেন।
উদ্ধারের পর তাদের প্রাথমিক চিকিৎসা, খাবার ও প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়া হয়।
নৌবাহিনীর ভাষ্য, উদ্ধার হওয়া ব্যক্তিদের অধিকাংশকে মানব পাচারকারী চক্র টেকনাফের দুর্গম এলাকায় আটকে রেখেছিল। পরে তাদের সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর চেষ্টা করা হচ্ছিল। অবৈধভাবে যাত্রী পরিবহনের কাজে বোটটি ব্যবহার করা হচ্ছিল।
নৌবাহিনী জানায়, ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে বোটে পানি ঢুকে পড়ায় যাত্রীদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে। দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করায় সম্ভাব্য দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
আটক ১১ জন ও জব্দ করা বোটটি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মানব পাচার ও চোরাচালানসহ সমুদ্রে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।




