পরিবহন মালিক সমিতি
ঈদে বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থা

সংগৃহীত ছবি
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। ঈদে যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করলে সংশ্লিষ্ট পরিবহনের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনিব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
রবিবার (১০ মে) সমিতির পক্ষ থেকে বিভিন্ন বাস টার্মিনাল মালিক সমিতিকে দেওয়া এক জরুরি চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, কোনো অবস্থায়ই সরকার নির্ধারিত ভাড়ার বেশি টাকা যাত্রীদের কাছ থেকে নেওয়া যাবে না। প্রতিটি কাউন্টারে দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখতে হবে ভাড়ার তালিকা। ঈদের সময় রাস্তায় কোনো প্রকার লক্কড়-ঝক্কড় বা ফিটনেসবিহীন গাড়ি নামানো যাবে না। এ ছাড়া ঢাকা শহরের অভ্যন্তরীণ রুটের গাড়ি কোনোভাবেই দূরপাল্লার রিজার্ভ হিসেবে চালানো যাবে না।
এ ছাড়া সায়েদাবাদ, ফুলবাড়িয়া, জনপথমোড়-গাবতলীসহ বিভিন্ন টার্মিনালে শৃঙ্খলা রক্ষায় 'ভিজিল্যান্স টিম' গঠন করা হয়েছে। মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই টিম সার্বক্ষণিক টার্মিনালগুলো পর্যবেক্ষণ করবে। যাত্রীদের মালামাল টানাটানি করা বা কোনোভাবে হেনস্তা করা যাবে না। বিশেষ করে টিকিট বিক্রির ক্ষেত্রে কোনো প্রকার অনিয়ম বা কালোবাজারি বরদাশত করা হবে না।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম ভুইয়া স্বাক্ষরিত এই চিঠিতে আরও জানানো হয়, আগামী ২২ মে (সম্ভাব্য তারিখ) থেকে মালিক-শ্রমিকদের সমন্বয়ে গঠিত বিশেষ টিম মাঠপর্যায়ে কাজ শুরু করবে। কোনো পরিবহন নিয়ম অমান্য করলে তাদের রুট পারমিট বাতিলসহ প্রয়োজনীয় আইনিব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে।





