এলজিআরডি মন্ত্রী
ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তরুণদের এগিয়ে আসতে হবে

মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বক্তব্য দেন ড. আবদুল মঈন খান
তরুণদের দেশ গড়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আবদুল মঈন খান।
তিনি বলেছেন, ‘বাংলাদেশের ইতিহাস তরুণদের আত্মত্যাগ ও অবদানে সমৃদ্ধ। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা অর্জন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার বিভিন্ন পর্যায়ে এ দেশের তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণেও তরুণদের এগিয়ে আসতে হবে।’
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
মঈন খান বললেন, ‘এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। এই যুদ্ধ কোনো অস্ত্রের যুদ্ধ নয়; এটি একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার যুদ্ধ। দেশের বিপুল জনগোষ্ঠীর জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করাই তরুণদের সামনে সবচেয়ে বড় দায়িত্ব।’
বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের প্রশিক্ষণ ও নেতৃত্ব উন্নয়ন কার্যক্রম তরুণদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত করছে বলে উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলছিলেন, ‘আজ যারা প্রশিক্ষণ সম্পন্ন করে গ্র্যাজুয়েশন অর্জন করছেন, তাদের সামনে জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে নিজেদের জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা কাজে লাগাতে হবে।’
গ্র্যাজুয়েটদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সামনে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত হতে হবে। দেশের জন্য, মানুষের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য আপনাদের কাজ করতে হবে।’
অনুষ্ঠানে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।



