স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার দাবি, ইসিতে স্মারকলিপি

বুধবার ইসিতে স্মারকলিপি প্রদানের পর ব্রিফিং করেন আগ্রাসন বিরোধী আন্দোলনের সদস্যসচিব আল-আমিন আটিয়া
জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে আগ্রাসন বিরোধী আন্দোলন।
এ দাবিতে বুধবার (১৬ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।
স্মারক লিপি প্রদান শেষে আগ্রাসন বিরোধী আন্দোলনের সদস্যসচিব আল-আমিন আটিয়া বললেন, ‘জাতীয় নির্বাচনে বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের ডাকযোগে ভোট দেওয়ার ব্যবস্থা করা সম্ভব হলে স্থানীয় সরকার নির্বাচনেও তাদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা সম্ভব।’
তিনি বলছিলেন, ‘প্রবাসীরা দেশের অর্থনীতি ও জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নাগরিক হিসেবে তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের অধিকার কার্যকরভাবে নিশ্চিত করা প্রয়োজন।’
এ সময় দাবি বাস্তবায়নে আইনসম্মত ও অহিংস গণতান্ত্রিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। প্রয়োজনে আদালতে যাওয়ার কথাও জানালেন তিনি।
এর আগে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো প্রবাস থেকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান প্রবাসীরা।




