পরিবারে কদর নেই রেডিও টেলিভিশন ল্যান্ডফোনের

সংগৃহীত ছবি
একসময় শুধু প্রয়োজনই নয়, বাঙালি পরিবারে আভিজাত্যের প্রতীক ছিল ল্যান্ডফোন, রেডিও কিংবা রঙিন টেলিভিশন। মিলেনিয়াল, জেনারেশন এক্স কিংবা বেবি বুমার্স প্রজন্মের মানুষের স্মৃতিচারণে এখনো উঠে আসে রেডিওতে গান শোনা দুপুর, রঙিন টেলিভিশনে সিনেমা দেখার দিন কিংবা টেলিফোন এলে প্রতিবেশীকে ডেকে আনার গল্প। কিন্তু প্রায় আড়াই দশক ধরে তীব্র গতিতে ছুটে চলা প্রযুক্তির ছোঁয়ায় মানুষের জীবনে কমেছে এসব পণ্যের কদর। বিপরীতে নাটকীয়ভাবে বাড়ছে স্মার্টফোন ও ইন্টারনেটের ব্যবহার।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নতুন এক জরিপেও উঠে এলো প্রযুক্তি ব্যবহারের এই পরিবর্তনের চিত্র। গত ২ জুলাই বিবিএস ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় কোয়ার্টারের (জানুয়ারি-মার্চ) ফলাফল নিয়ে প্রকাশ করে এই প্রতিবেদন, যার শিরোনাম ‘আইসিটি প্রয়োগ ও ব্যবহার জরিপ’।
ফলাফল বিশ্লেষণ করে দেখা গেল, ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরে রেডিও ব্যবহারকারী পরিবার ১৫ দশমিক ৩ শতাংশ থেকে কমে ১৫ দশমিক ১ শতাংশে নেমে এসেছে। ল্যান্ডফোনের ব্যবহার শূন্য দশমিক ৮ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৭ শতাংশে। এ ছাড়া বিনোদনের প্রধান মাধ্যম টেলিভিশনের ব্যবহারও ৫৯ দশমিক ৬ শতাংশ থেকে কমে ৫৮ দশমিক ৮ শতাংশ পরিবারে নেমে এসেছে। বিপরীত দিকে, পরিবারগুলোয় স্মার্টফোনের ব্যবহার ৭২ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ৭৩ দশমিক ৪ শতাংশ হয়েছে। একই সঙ্গে ইন্টারনেটের ব্যবহার ৫৫ দশমিক ১ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫৭ দশমিক ৪ শতাংশ পরিবারে। সার্বিকভাবে মোবাইল ফোন ব্যবহারকারী পরিবারের হার ৯৮ শতাংশ থেকে বেড়ে ৯৮ দশমিক ২ শতাংশে উন্নীত হয়েছে, যদিও বিদ্যুৎ ব্যবহারের হার আগের মতোই ৯৮ দশমিক ৫ শতাংশে স্থির।
প্রযুক্তির এই পালাবদল নিয়ে কথা হলো ‘ব্যক্তি ও খানা পর্যায়ে জেলাভিত্তিক আইসিটি ব্যবহারের সুযোগ ও প্রয়োগ পরিমাপ’ প্রকল্পের পরিচালক মারুফা সাকির সঙ্গে। তিনি বললেন, ‘ল্যান্ডফোনে অতীতে ভুতুড়ে বিল আসা ও লাইন পাওয়ার সমস্যার কারণে মোবাইল আসার পরপরই মানুষ ল্যান্ডফোন থেকে মুখ ফিরিয়ে নেয়। এখন ল্যান্ডফোনের ব্যবহার মূলত অফিস-আদালতেই সীমাবদ্ধ।’
মারুফা সাকিরের ভাষ্য, একসময় মানুষের বিনোদনের একমাত্র ভরসা রেডিও-টেলিভিশন হলেও পরবর্তী সময়ে তা শুধু খবর ও টকশো দেখার মাধ্যম হিসেবে টিকে ছিল। তবে বর্তমানে স্মার্টফোন ও ফেসবুকের সহজলভ্যতার কারণে মানুষ আর আগের মতো টেলিভিশন দেখছে না, ব্যস্ততার কারণে ঘরে টিভি খোলার সময়ও কমে এসেছে। এসব কারণেই মূলত রেডিও, টেলিভিশন ও ল্যান্ডফোনের ব্যবহার কমছে।




