চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

প্রতীকী ছবি
দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আজ দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।
মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে জানানো হয়, আজ দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। মঙ্গলবার রাজধানীতে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে সোমবার বিকালে দেওয়া সামুদ্রিক সতর্কবার্তায় দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখা বলা হয়েছে।
আবহাওয়াবিদ খোঃ হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।
লঘুচাপটির প্রভাবে সমুদ্র বন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।



