ছয় বিভাগে বৃষ্টির সম্ভাবনা, থাকবে ভ্যাপসা গরমও

বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে তীব্র বজ্রপাত হতে পারে। ছবি: সংগৃহীত
দেশের ছয় বিভাগে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এ বৃষ্টি হতে পারে। দেশের অন্য এলাকাতেও কিছু জায়গায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ শুক্রবার বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেডের পূর্বাভাসে জানানো হয়েছে এসব তথ্য।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে তীব্র বজ্রপাত হতে পারে। তাই আকাশে মেঘ দেখলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টির আগে ও বৃষ্টির সময় কিছু এলাকায় দমকা হাওয়াও বয়ে যেতে পারে।
এদিন দেশের কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকা এবং উপকূলীয় অঞ্চলে মেঘের পরিমাণ কিছুটা বেশি থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃষ্টি বিরতির সময় দেশের অনেক এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় মৃদু তাপপ্রবাহের কাছাকাছি তাপমাত্রা অথবা মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
দেশের অধিকাংশ এলাকায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ভোরের দিকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। দিনের বিভিন্ন সময়ে বেশ কিছু এলাকায় ৭ থেকে ৯ ঘণ্টা স্বাভাবিক সূর্যের কিরণ পাওয়া যেতে পারে।
মেঘ পশ্চিম-দক্ষিণপশ্চিম দিক থেকে পূর্ব-উত্তরপূর্ব দিকে এবং কিছুটা এলোমেলোভাবে অগ্রসর হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে কোনো সিস্টেম নেই। সাগর স্বাভাবিক থাকতে পারে। কোনো সতর্ক সংকেতও নেই।
এদিন বৃষ্টি বলয় সক্রিয় নেই। পরবর্তী বৃষ্টি বলয় সম্পর্কে পরে জানানো হবে। শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা নেই।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে।
একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায়, ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে, ২৩ ডিগ্রি সেলসিয়াস। তথ্যগুলো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি)।
আজ ঢাকায় সূর্য উঠেছে সকাল ৫টা ৫০ মিনিটে। সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে। এদিন দিনের দৈর্ঘ্য হবে ১১ ঘণ্টা ৫৫ মিনিট।
এদিন সূর্যের সর্বোচ্চ তীর্যক পতন হবে ২৬ দশমিক ২০ ডিগ্রি দক্ষিণে। অর্থাৎ দেশের মধ্যাঞ্চল থেকে ঠিক দুপুরে সূর্য দক্ষিণ আকাশের দিকে প্রায় ২৬ দশমিক ২০ ডিগ্রি হেলে থাকবে।



