বৃষ্টি বলয়ের বিদায়, দেশ জুড়ে গরম আরও বাড়ার শঙ্কা

বৃষ্টি বলয় নিষ্ক্রিয় হয়ে পড়ায় সারা দেশেই দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। ছবি: সংগৃহীত
থেমে থেমে টানা বর্ষণের পর বিদায় নিয়েছে বৃষ্টি বলয়। এর ফলে অনেকটাই কমে আসতে পারে বৃষ্টিপাতের পরিমাণ। এতে দেশের অধিকাংশ এলাকাতে আরও বাড়তে পারে প্রখর রোদ আর ভ্যাপসা গরমের দাপট।
আজ সোমবারের আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বেসরকারি আবহাওয়াবিষয়ক সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এদিন রংপুর ও সিলেট বিভাগের কিছু এলাকা এবং দক্ষিণাঞ্চলের অল্প কিছু স্থানে আংশিক মেঘলা থেকে মূলত মেঘলা আকাশ দেখা যেতে পারে।
বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের সামান্য কিছু স্থানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। এ ছাড়া দেশের বাকি অঞ্চলে কেবল দু-এক জায়গায় খুব সামান্য বৃষ্টি নামতে পারে।
বৃষ্টি বলয় নিষ্ক্রিয় হয়ে পড়ায় সারা দেশেই দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একই সঙ্গে দিন জুড়ে প্রায় ৬ থেকে ১০ ঘণ্টা স্বাভাবিক সূর্যের কড়া কিরণ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ্টিপ্রবণ এলাকাগুলোয় হালকা থেকে মাঝারি বজ্রপাতের ঝুঁকির কথা জানিয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। তবে কোনো কালবৈশাখী ঝড় বা শিলাবৃষ্টির শঙ্কা নেই। বর্ষণ চলাকালে সাময়িক সামান্য দমকা হাওয়ার দেখা মিলতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, সমুদ্র ও দেশের আবহাওয়ার সাময়িক অবস্থায় কোনো লঘুচাপ নেই। বর্তমানে উত্তর বঙ্গোপসাগর শান্ত ও নিরাপদ অবস্থায় থাকায় কোনো প্রকার সতর্কসংকেত বহাল রাখা হয়নি।
গতকাল ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরে। একই সময়ে ফেনী ও রামগতিতে দেশের সর্বোচ্চ ৩৫.৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং বান্দরবানে সর্বনিম্ন ২৩.৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।




