দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-পাকিস্তান

সংগৃহীত ছবি
দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে অংশীদারিত্ব সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও পাকিস্তান। একই সঙ্গে আঞ্চলিক সংযোগ ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছে দুই দেশ।
আজ শনিবার রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং সফররত পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি বৈঠক করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
বৈঠকে দুই মন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ ছাড়া সাম্প্রতিক দ্বিপক্ষীয় যোগাযোগে সৃষ্ট ইতিবাচক গতিশীলতায় সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।
আলোচনায় বাণিজ্য ও ব্যবসা, ক্রীড়া, সংস্কৃতি, নারী উদ্যোক্তা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডিজিটাল উদ্ভাবন খাতে সহযোগিতা বাড়ানোর উল্লেখযোগ্য সম্ভাবনার কথা তুলে ধরা হয়।
দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন তারা।
বৈঠকে শামা ওবায়েদ ইসলাম দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে আঞ্চলিক সহযোগিতা, সংযোগ ও অভিন্ন সমৃদ্ধির গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।দুই পক্ষ দক্ষিণ এশিয়ার জনগণের সম্মিলিত স্বার্থে আরও শক্তিশালী আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।




