৯৯৯-এ ফোনকলে উদ্ধার দুর্ঘটনার শিকার ৯ যাত্রী

সংগৃহীত ছবি
মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িতে আটকে পড়া ৯ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে এক পথচারীর তাৎক্ষণিক ফোনকলের পর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
পুলিশ সূত্র জানায়, গতকাল শনিবার ভোরে ঢাকা থেকে মাওয়াগামী একটি হাইয়েস মাইক্রোবাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। ঘটনাটি ঘটে শ্রীনগরের ভেজগাঁও এলাকায়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আটকা পড়েন ভেতরে থাকা ৩ নারী ও ৬ পুরুষ।
এক প্রত্যক্ষদর্শী ঘটনাটি দেখে তাৎক্ষণিক ৯৯৯ নম্বরে কল করে উদ্ধারের আকুতি জানান। কলটি পাওয়ার সঙ্গে সঙ্গেই ৯৯৯-এর কলটেকার কনস্টেবল মো. শাকিন এবং ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. আল আমিন দ্রুত বিষয়টি শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাসাড়া হাইওয়ে পুলিশকে জানান। তারা উদ্ধারকাজ তদারকি করেন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাসাড়া হাইওয়ে থানা পুলিশের পৃথক দুটি দল দ্রুত ঘটনাস্থলে ওই ৯ জনকে রক্তাক্ত ও আহত অবস্থায় বের করে আনে। তাদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।



