আলোচনা সভায় হোসেন জিল্লুর রহমান
শুধু রাষ্ট্রের ওপর নির্ভর করে সব সেবা নিশ্চিত সম্ভব নয়

শুধু রাষ্ট্রের ওপর নির্ভর করে নাগরিকদের সব ধরনের সেবা নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য রাষ্ট্রের বাইরের সেবামূলক প্রতিষ্ঠানগুলোর বিকাশও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। গতকাল শনিবার দুপুরে রাজধানীর বারডেম অডিটরিয়ামে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলছিলেন তিনি।
হোসেন জিল্লুর রহমান জানালেন, ডায়াবেটিস প্রতিরোধে রোগ হওয়ার আগে, শনাক্ত হওয়ার সময় এবং রোগ হওয়ার পর— প্রতিটি পর্যায়েই প্রয়োজন সচেতনতা। তবে রোগ হওয়ার আগেই সচেতনতা বাড়ানোর ওপর বেশি গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে চিকিৎসকদের পাশাপাশি শিক্ষক, স্থানীয় সরকার ও সমাজের অন্যান্য পক্ষকে যুক্ত করতে হবে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সেবামূলক কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেছেন, প্রতিষ্ঠানটি নিজস্ব উদ্যোগে বিকেন্দ্রীকৃত ও টেকসই পদ্ধতিতে দেশের বিভিন্ন স্থানে সেবা বিস্তৃত করেছে, যা উন্নয়নশীল দেশগুলোর জন্য শিক্ষণীয়। স্বাস্থ্যসেবার পাশাপাশি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধসহ সমাজের অন্যান্য ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এ ধরনের প্রতিষ্ঠান।
রাষ্ট্রের বাইরে থেকেও কীভাবে একটি প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে, বিকেন্দ্রীকৃত পদ্ধতিতে এবং টেকসইভাবে সেবা কার্যক্রম পরিচালনা করতে পারে, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি তার উদাহরণ উল্লেখ করে তার ভাষ্য, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কার্যক্রমকে একটি অনুসরণযোগ্য দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করা যেতে পারে।
সভাপতির বক্তব্যে সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান বলছিলেন, ডায়াবেটিসের লক্ষণ দেখা দেওয়ার অপেক্ষা না করে আগেই পরীক্ষা ও সচেতন হওয়া জরুরি। জটিলতা দেখা দিলে চিকিৎসা ব্যয়বহুল হয়ে ওঠে এবং অনেক ক্ষেত্রে আগের অবস্থায় ফিরে যাওয়া সম্ভব হয় না।
‘টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের বেঁচে থাকার জন্য ইনসুলিন অপরিহার্য। তাই তাদের জন্য ইনসুলিন নিশ্চিত করা শুধু চিকিৎসার বিষয় নয়, দায়িত্ব সমাজেরও’— যোগ করলেন তিনি।
সভায় আরও বক্তব্য দেন সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নাছির উদ্দীন আহমেদ এবং হাসপাতাল প্রশাসনের ভারপ্রাপ্ত যুগ্ম পরিচালক ডা. ফারজানা বি ইব্রাহিম।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে র্যালি, আলোচনা সভা, সেমিনার ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়। রাজধানীর জিয়া উদ্যান থেকে ফার্মেসিয়া লিমিটেডের উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ ও আসাদ গেট প্রদক্ষিণ করে।
আফতাবনগরে জেকে লাইফস্টাইলের উদ্যোগে সকাল ৬টায় র্যালি ও বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন হয়। অন্যদিকে, বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয় মিরপুরে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের দুটি শাখায়।



