কপ৩১ সম্মেলন
জ্বালানি খাতে আমদানিনির্ভরতা কমাতে তাগিদ বিশ্বনেতাদের
- ২০৩৫-এর মধ্যে জ্বালানি ব্যবহারে ৩৫ শতাংশ হবে বিদ্যুৎ

ফাইল ছবি
জ্বালানি আমদানিনির্ভরতা কমানো, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং কার্বন নিঃসরণ হ্রাসে বিশ্ব অর্থনীতির বিদ্যুতায়ন ত্বরান্বিত করার উদ্যোগ নিয়েছে বিশ্বনেতারা। এ লক্ষ্যে এক জোট হচ্ছে বিভিন্ন দেশের সরকার, আন্তর্জাতিক সংস্থা, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিনিয়োগকারীরা। ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ বর্তমানের প্রায় ২৩ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কনফারেন্স অব দ্য পার্টিজ’ কপ৩১-এর কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। এই সম্মেলনটি গতকাল সোমবার ৯ নভেম্বর শুরু হয়ে চলবে ২০ নভেম্বর পর্যন্ত।
‘কপ৩১ গ্লোবাল ইলেকট্রিফিকেশন প্লেজ’ নামের এ অঙ্গীকারের আওতায় পরিবহন, ভবন ও শিল্প খাতে বিদ্যুতের ব্যবহার বাড়ানো হবে। এর মাধ্যমে লক্ষ্য রয়েছে জ্বালানি নিরাপত্তা জোরদার, ব্যয় কমানো, বিদ্যুতের সহজলভ্যতা বাড়ানো এবং বৈশ্বিক কার্বন নিঃসরণ কমানোর।
কপ৩১-এর সভাপতি মুরাত কুরুম বলেন, ২০৩৫ সালের মধ্যে মোট জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ জরুরি। কারণ বিদ্যুতায়ন ত্বরান্বিত করতে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট বৈশ্বিক লক্ষ্য ছিল না। চলতি বছরের জ্বালানি সংকট দেশগুলোকে আত্মতুষ্টি থেকে বের করে এনেছে এবং জ্বালানি আমদানির ওপর নির্ভরতার ঝুঁকি স্পষ্টও হয়েছে।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত। পাশাপাশি কার্বন নিঃসরণ কমিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিতের গুরুত্বও তুলে ধরেন মন্ত্রী।
‘বিদ্যুতের যুগের সূচনা হচ্ছে। কপ৩১ সম্মেলন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। পরিবর্তনের সুইচটি চালু করতে সক্ষম হয়েছি’- মুরাত কুরুম।
বিদ্যুতায়নের গতি বাড়ানোর পাশাপাশি তা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে মনে করেন কপ৩১-এর বিদ্যুৎবিষয়ক আলোচনার সভাপতি ক্রিস বোয়েন।
তার মতে, পরিচ্ছন্ন বিদ্যুৎ, শক্তিশালী বিদ্যুৎ গ্রিড ও বিদ্যুৎ সংরক্ষণের ব্যবস্থা নিশ্চিত করা গেলে পরিবার, পরিবহন ও শিল্প খাতে জ্বালানি নিরাপত্তা বাড়বে এবং কার্বন নিঃসরণ কমবে।
ক্রিস বোয়েন বলেন, বৈশ্বিক পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তর এরই মধ্যে শুরু হয়েছে। এই সম্মেলনের কাজ হবে এ প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করা। তবে উচ্চাভিলাষী লক্ষ্য অর্জনে বিনিয়োগ, অবকাঠামো ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
বিদ্যুতায়নের এ উদ্যোগে অর্থায়ন বাড়াতে বিশ্বব্যাংক ও আফ্রিকান উন্নয়ন ব্যাংকের সহসভাপতির নেতৃত্বে নতুন একটি আন্তর্জাতিক জোট গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। ‘ইলেকট্রিফাই নাউ ফাইন্যান্স কোয়ালিশন’ নামের এ জোটে সরকার, উন্নয়ন ব্যাংক ও বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলো যুক্ত হবে।
২০২৭ সালে বিশ্বব্যাংক ও আফ্রিকান উন্নয়ন ব্যাংক জোটটির প্রথম দুই সহসভাপতির দায়িত্ব পালন করবে। এই জোটের মূল লক্ষ্য হবে উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশগুলোতে বিদ্যুতায়নের জন্য অর্থায়ন সহজ করা।
বিদ্যুৎ খাতের অবকাঠামো উন্নয়নেও বিনিয়োগ বাড়ানোর ঘোষণা এসেছে। ইউটিলিটিজ ফর নেট জিরো অ্যালায়েন্স (ইউএনইজেডএ) বিদ্যুৎ গ্রিড, নবায়নযোগ্য জ্বালানি ও বিদ্যুৎ সংরক্ষণ খাতে বার্ষিক বিনিয়োগের প্রতিশ্রুতি ১৪৮ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে করা হয়েছে ১৫৬ বিলিয়ন ডলার।
এসএসই পিএলসির প্রধান নির্বাহী ও ইউএনইজেডএর সহসভাপতি মার্টিন পিবওয়ার্থ বলেন, পরিচ্ছন্ন বিদ্যুতায়ন শুধু কার্বন নিঃসরণ কমানোর পথ নয়, এটি বিদ্যুতের বিল কমানো এবং জ্বালানি নিরাপত্তা ও সহনশীলতা বাড়ানোরও উপায়।
‘২০৩৫ সালের মধ্যে বিদ্যুতের ব্যবহার ৩৫ শতাংশে উন্নীত করার অঙ্গীকার নীতিনির্ধারক ও বিদ্যুৎ খাতের জন্য গুরুত্বপূর্ণ বার্তা’-যোগ করেন তিনি।
এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) বৈশ্বিক ও আঞ্চলিক বিদ্যুতায়নের অগ্রগতি পর্যবেক্ষণে ‘গ্লোবাল ইলেকট্রিফিকেশন ট্র্যাকিং মেকানিজম’ চালু করবে।
সংস্থাটির নির্বাহী পরিচালক ফাতিহ বিরল বলেন, বিদ্যুৎচালিত প্রযুক্তি অনেক ক্ষেত্রে ব্যয়-প্রতিযোগিতায় সক্ষম। একই সঙ্গে এসব প্রযুক্তি জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোর নিরাপত্তা বাড়াতে পারে। ২০৩৫ সালের মধ্যে বিদ্যুতের ব্যবহার ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রার পেছনে আইইএর তথ্যভিত্তিক বিশ্লেষণ রয়েছে।
এ উদ্যোগের অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যৌথভাবে প্রথম ‘ইলেকট্রিফিকেশন ফোরাম’ আয়োজন করছে কপ৩১-এর সভাপতিত্ব। সম্মেলন শেষ হওয়ার পরও সরকার, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও অর্থায়নকারীদের অংশগ্রহণে নিয়মিত এ ফোরামের কার্যক্রম চলবে। কপ৩১-এর সভাপতিত্বে গঠিত ইলেকট্রিফিকেশন বোর্ড এটি পরিচালনা করবে এবং সচিবালয়ের দায়িত্ব পালন করবে আইইএ।
অন্যদিকে আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থা (আইরিনা) উন্নয়নশীল দেশগুলোর বিদ্যুৎ বিতরণব্যবস্থা শক্তিশালী করতে ‘এনাবলিং ডিস্ট্রিবিউশন গ্রিডস ফর ইলেকট্রিফিকেশন’ বা ডি-গ্রিডস কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করবে। এ কর্মসূচির আওতায় দেশগুলোকে বিদ্যুৎ গ্রিডে বিনিয়োগের প্রয়োজন নিরূপণ, প্রকল্প প্রস্তুত এবং অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা দেওয়া হবে।
বিদ্যুতায়নের অবকাঠামো শক্তিশালী করা, নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার বাড়ানো এবং বিশ্ব জুড়ে বিদ্যুতায়ন ত্বরান্বিত করাই এ কর্মসূচির লক্ষ্য-জানালেন আইরিনার মহাপরিচালক ফ্রান্সেসকো লা ক্যামেরা।
বিদ্যুতায়নের এ উদ্যোগে বেসরকারি খাতেরও বড় সমর্থন রয়েছে। উই মিন বিজনেস কোয়ালিশনের উদ্যোগে ভলভো, উবার, আইকিয়া ও সিমেন্সসহ ১৮০টির বেশি কোম্পানি এ অঙ্গীকারে সমর্থন জানিয়েছে। এসব প্রতিষ্ঠানের সম্মিলিত বার্ষিক আয় ১ দশমিক ৬৯ ট্রিলিয়ন ডলারের বেশি।
বিদ্যুতায়নের মাধ্যমে অর্থনৈতিক পরিবর্তন হচ্ছে মনে করেন কোয়ালিশনের প্রধান নির্বাহী মারিয়া মেন্ডিলুসে। ‘যেসব দেশ বিদ্যুতায়নকে সাশ্রয়ী ও বাণিজ্যিকভাবে কার্যকর করতে দ্রুত পদক্ষেপ নেবে, তারা ভবিষ্যতে শিল্প বিনিয়োগ আকর্ষণ করতে পারবে। অন্যদিকে পিছিয়ে পড়া দেশগুলো দীর্ঘ মেয়াদে বিনিয়োগের সুযোগ হারানোর ঝুঁকিতে থাকবে।’
এ ছাড়া আন্তর্জাতিক পরিবহন ফোরামের সঙ্গে যৌথভাবে ‘গ্লোবাল গ্রিন ফ্রেইট করিডরস ইনিশিয়েটিভ’ চালু করছে কপ৩১-এর সভাপতি। এর লক্ষ্য পণ্য পরিবহনের জন্য পরিবেশবান্ধব ও অধিক সহনশীল করিডর গড়ে তোলা।
উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর জন্য বিদ্যুতায়নের সুযোগ ও চ্যালেঞ্জ তুলে ধরে ‘দ্য ইলেকট্রিফিকেশন অপরচুনিটি’ শীর্ষক একটি প্রতিবেদনও প্রকাশ করা হয়েছে। তুরস্ক ও অস্ট্রেলিয়া যৌথভাবে সাসটেইনেবল এনার্জি ফর অলের (এসইফরঅল) সঙ্গে কাজ করে তৈরি করেছে প্রতিবেদনটি।
এদিকে বিদ্যুতায়নের অর্থনৈতিক সুযোগ ও অর্থায়ন নিয়ে দুটি নীতিপত্র তৈরিতে সহযোগিতা করছে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি)। সংস্থাটির মহাসচিব ম্যাথিয়াস কোরম্যান বলেন, বিশ্বজুড়ে বিদ্যুতের চাহিদা বাড়ছে। এ চাহিদা পূরণে বিদ্যুৎ উৎপাদন, গ্রিড ও সংরক্ষণব্যবস্থায় উল্লেখযোগ্য বিনিয়োগ প্রয়োজন।
কপ৩১-এর দুই সপ্তাহের সম্মেলনে বিদ্যুতায়নের পাশাপাশি জলবায়ু কার্যক্রমের অগ্রগতি ও ঘাটতি নিয়েও আলোচনা হবে। আগামী ১২ নভেম্বর সহনশীল শহর, ১৩ নভেম্বর জলবায়ু অর্থায়ন এবং ১৬ নভেম্বর শিল্পবিষয়ক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হবে।






