জলবায়ু নিয়ে বিশ্বকে আরও দ্রুত পদক্ষেপের আহ্বান কপ৩১ নেতাদের

ছবি: রয়টার্স
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের ভয়াবহতা বাড়তে থাকায় বৈশ্বিক উষ্ণতা মোকাবিলার লড়াই জোরদার করার আহ্বান জানিয়েছেন কপ৩১ জলবায়ু সম্মেলনের নেতারা। তুরস্কে সোমবার শুরু হয়েছে বার্ষিক এ সম্মেলন।
জাতিসংঘের দুই সপ্তাহব্যাপী সম্মেলনের শুরুতে দেওয়া বক্তব্যে নেতারা সরকারগুলোর প্রতি জলবায়ু সংকট মোকাবিলায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান। যুদ্ধ, লাগামহীন মূল্যস্ফীতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অনিশ্চয়তাসহ নানা আন্তর্জাতিক সংকটের কারণে জলবায়ু ইস্যু যখন মনোযোগের প্রতিযোগিতায় পড়েছে, তখনই এ আহ্বান জানানো হলো।
তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল বলেছেন, ‘এ সংকটময় মুহূর্তের গুরুত্ব আমাদের দ্রুত এগিয়ে যেতে তাগিদ দেবে।’ এ পর্যন্ত অর্জিত অগ্রগতি ‘প্রয়োজনের তুলনায় অনেক কম’ বলেও মন্তব্য করেন তিনি।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) অক্টোবরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রাক-শিল্পযুগের তুলনায় বৈশ্বিক উষ্ণতা এরই মধ্যে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে। ২০১৫ সালের প্যারিস জলবায়ু সম্মেলনে উষ্ণায়নের সবচেয়ে ভয়াবহ পরিণতি এড়াতে এ সীমা নির্ধারণ করা হয়েছিল।
জাতিসংঘের সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, শক্তিশালী এল নিনোর প্রভাবে চলতি বছর রেকর্ডে থাকা সবচেয়ে উষ্ণ চার বছরের একটিতে পরিণত হতে পারে।
এ বছর পশ্চিম ইউরোপ জুড়ে ধারাবাহিক তীব্র তাপপ্রবাহ এবং নেপালে হিমবাহ ধসে ভয়াবহ বন্যার ঘটনাও বিশেষভাবে উল্লেখযোগ্য। ওই বন্যায় ১ হাজার ৪৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে হাজারো মানুষ।
এবারের সম্মেলনে তুরস্কের সভাপতিত্বে ২০৩৫ সালের মধ্যে বিশ্বের এক-তৃতীয়াংশের বেশি অর্থনীতিকে বিদ্যুতায়িত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে এ হার প্রায় এক-পঞ্চমাংশ। এ লক্ষ্য বাস্তবায়নে সমর্থন জানিয়ে একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে তুরস্ক।
তাত্ত্বিকভাবে, এমন লক্ষ্য বাস্তবায়িত হলে জীবাশ্ম জ্বালানিচালিত যানবাহন, চুল্লি, বয়লার, রান্নার চুলা এবং গ্রিনহাউজ গ্যাস নির্গমনকারী অন্যান্য সরঞ্জামের ব্যবহার কমিয়ে বৈশ্বিক উষ্ণতা সৃষ্টিকারী নিঃসরণ হ্রাস করা সম্ভব হতে পারে।
কপ৩১-এর সভাপতি মুরাত কুরুম বলেছেন, ‘জলবায়ু আলোচনা থেকে পাওয়া সুফল মানুষ যেন দৈনন্দিন জীবনে অনুভব করতে পারে, সেটাই আমরা চাই। কম জ্বালানি ব্যবহারকারী ভবন, পরিচ্ছন্ন গণপরিবহন, সাশ্রয়ী জ্বালানি এবং নতুন কর্মসংস্থানের মাধ্যমে মানুষ যেন এর সুফল পায়।’
তবে জলবায়ু আন্দোলনকারীরা এ অঙ্গীকারনামার সমালোচনা করেছেন। কারণ, অতিরিক্ত বিদ্যুৎ অবশ্যই কম কার্বন নিঃসরণকারী উৎস থেকে উৎপাদন করতে হবে, এমন কোনো শর্ত এতে রাখা হয়নি। ফলে শুধু বিদ্যুতায়নকে জলবায়ু অগ্রগতি হিসেবে গণ্য করা উচিত কি না, তা নিয়ে সম্মেলনের শুরুতেই বিরোধ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আশা প্রকাশ করেছেন, তার দেশ সম্মেলন থেকে সুনির্দিষ্ট ফলাফল আনতে পারবে।
আজারবাইজান থেকে ফেরার পথে বিমানে সাংবাদিকদের এরদোয়ান বলেছেন, ‘আমাদের লক্ষ্য হলো এ সম্মেলনকে এমন একটি মঞ্চে পরিণত করা, যেখানে সুনির্দিষ্ট ফলাফল আসবে এবং দেশগুলো তাদের প্রতিশ্রুতিকে বাস্তব পদক্ষেপে রূপ দেবে। কারণ, কাগজে-কলমে সীমাবদ্ধ থেকে যায় এমন প্রতিশ্রুতি দেওয়ার সময় আর নেই।’
সোমবার তার কার্যালয় থেকে প্রকাশিত বক্তব্যের প্রতিলিপিতে এ কথা জানানো হয়।
যুদ্ধ ও প্রযুক্তি
ইরান যুদ্ধ জীবাশ্ম জ্বালানির ওপর বিশ্বের নির্ভরশীলতার বিষয়টি সামনে এনেছে। রাশিয়ার ইউক্রেন আক্রমণের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। তবে কেউ কেউ মনে করেন, এসব যুদ্ধ নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের সুফলও তুলে ধরেছে।
নবম মাসে গড়ানো ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এতে বিশ্ব জুড়ে জ্বালানির দাম বেড়েছে এবং বিকল্প উৎস থেকে সরবরাহ নিশ্চিত করতে দেশগুলোর মধ্যে তৎপরতা শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন টানা দ্বিতীয় বছরের মতো জলবায়ু আলোচনা এড়িয়ে চলছে। সরবরাহে বিঘ্ন মোকাবিলায় তেল, গ্যাস ও কয়লার উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার নীতিকে উৎসাহিত করছে প্রশাসনটি।
এদিকে দক্ষিণ কোরিয়া, ভারত, থাইল্যান্ডসহ এশিয়ার কয়েকটি দেশ কয়লার ওপর নির্ভরতা বাড়িয়েছে অথবা কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পদক্ষেপ নিয়েছে।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিজ্ঞানবিষয়ক উপদেষ্টা এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন হোল্ড্রেন বলেছেন, ‘আগে যারা জীবাশ্ম জ্বালানির ব্যাপক ব্যবহার অব্যাহত রাখার পক্ষে যুক্তি দিতে কিছুটা বিব্রত বোধ করতেন, এখন তাদের অনেকেই সেই অবস্থানের পক্ষে কথা বলার সাহস পাচ্ছেন।’
একই সময়ে চীন থেকে সস্তায় পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তি রপ্তানি বাড়ায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারও বেড়েছে।
সম্মেলনে স্টিয়েল বলেন, জ্বালানি নিরাপত্তা বাড়ানোর সবচেয়ে স্পষ্ট সমাধান হলো নবায়নযোগ্য জ্বালানি।
তিনি বলেছেন, ‘এ বছর জীবাশ্ম জ্বালানির দামের বিশৃঙ্খলা বিশ্ব জুড়ে বড় ধরনের ধাক্কা দিয়েছে। এতে পরিবারগুলো কঠিন চাপে পড়েছে এবং ক্যানসারের মতো মূল্যস্ফীতি ছড়িয়ে পড়েছে।’
তিনি আরও বলেছেন, ‘তবে সমাধানগুলো স্পষ্ট।’ তার ভাষ্য, নবায়নযোগ্য জ্বালানির স্থাপনাগুলো এরই মধ্যে বিশ্ব অর্থনীতির শত শত কোটি ডলার সাশ্রয় করেছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিস্তারও জলবায়ু আলোচনা জটিল করে তুলছে। এর ফলে বিশ্ব জুড়ে বিদ্যুতের চাহিদা দ্রুত বাড়ছে এবং গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ বৃদ্ধিতেও ভূমিকা রাখছে।
কপ৩১ সম্মেলনে এআইয়ের টেকসই উন্নয়ন ও ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিমালা তুলে ধরে একটি অঙ্গীকারনামায় স্বাক্ষরের জন্য সরকার, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য সংস্থার প্রতি আহ্বান জানাবে তুরস্ক।
কপ৩১ আলোচনার সভাপতি অস্ট্রেলিয়ার ক্রিস বোয়েন বলেন, এ সম্মেলনের মাধ্যমে বিশ্বকে দেখাতে চান, বহুপক্ষীয় সহযোগিতা কার্যকর।
তিনি বললেন, ‘আসুন, ভবিষ্যৎ প্রজন্মকে দেখাই যে এ প্রজন্ম সময়ের দাবি ও চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম ছিল।’





