স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

ছবি: ভিডিও থেকে নেওয়া
স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘আইনশৃঙ্খলা নিয়ে কথা বলতে গেলেই মুশকিলে পড়ে যাই। এ বিষয়ে বললেই— স্বরাষ্ট্রমন্ত্রী হয় ব্যঙ্গ করেন, নইলে বাকচাতুর্য দিয়ে পুরো বিষয়টিকে ঢেকে দিতে চান।’
তার মতে, বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেমন— তিন মন্ত্রী, ৬৪ জেলায় ৬৪ আইনশৃঙ্খলাবিষয়ক স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না।
আজ বৃহস্পতিবার সংসদের তৃতীয় অধিবেশনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে এ মন্তব্য করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এই সংসদ সদস্য।
ব্যারিস্টার রুমিন ফারহানা মনে করেন, সরকারের তিনটি কাজ ছিল। এগুলো হলো— আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জ্বালানি খাতের নিশ্চয়তা।
প্রথমেই গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে তীব্র সমালোচনা করেন রুমিন ফারহানা। ‘দুষ্টু লোকেরা বলে— ‘টুকু আসে, টুকু যায়’, ‘এই আসে, এই যায়’, কতক্ষণ থাকে, তারা নাকি বুঝতে পারেন না। তেলের দাম বাড়ছে, যখন বিদ্যুতের জন্য হাহাকার, তখন গ্যাসও পাওয়া যায় না।
নির্বাচনের আগের সরকারের প্রতিশ্রুতি তুলে ধরে বলেন, এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির কথা থাকলেও বিএনপি ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যে চাকরি হারিয়েছে ৬২ হাজার মানুষ।
‘ইতোমধ্যে ৯০০-এর ওপরে কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে। কর্মসংস্থান আর কী সৃষ্টি হবে, যারা চাকরিতে আছেন, তাদের চাকরিও কতদিন থাকে সেটা আল্লাহ-মাবুদই জানেন’—যোগ করে তিনি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও কথা বলেন রুমিন ফারহানা। ‘বাজারে গেলে ৮০ টাকার নিচে কোনো সবজি নেই। ডিমের দাম কয়েক দফায় বেড়েছে।’








