স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন তা বুঝি না: বিরোধীদলীয় নেতা

ছবি: ভিডিও থেকে নেওয়া
সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হওয়ার জন্য আমরা আসিনি। শিক্ষকতা করতে হলে তিনি একটি বিশ্ববিদ্যালয় খুলুক। যার পছন্দ হবে, সে সেখানে গিয়ে ভর্তি হবে এবং খুশিমতো লেকচার শুনবে।’
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সম্মান রেখেই বলছি— সংসদ অধিবেশন শুরুর দিন থেকেই তিনি তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলেন। উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) নিজেকে কী মনে করেন তা বুঝি না। আজও এ ধরনের কথা বলার দুঃসাহস দেখিয়েছেন তিনি— যোগ করেন ডা. শফিকুর রহমান।
আজ বৃহস্পতিবার সংসদে তৃতীয় অধিবেশন চলাকালে এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা।
ডা. শফিকুর রহমান বলেন, আজকে একই বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী দুইবার বিরোধী দলকে আক্রমণ করেছেন। এটি সংসদীয় সংস্কৃতির পরিপন্থী এবং এক ধরনের পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এক্সপাঞ্জ করা দাবি জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, সংসদের সৌন্দর্য ও পরিবেশ রক্ষার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অবশ্যই দুঃখ প্রকাশ করতে হবে এবং তার বিতর্কিত বক্তব্য সংসদীয় কার্যপ্রণালি থেকে এক্সপাঞ্জ করতে হবে। তা করা হলে বিরোধীদল সংসদে বসবে। অন্যথায় এই অপমান নিয়ে সংসদে বসার কোনো প্রশ্নই ওঠে না।
তার আগে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্য কেন্দ্র করে সংসদে হট্টগোলের সৃষ্টি হয়।
প্রশ্নোত্তর পর্বের এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হাসনাত আব্দুল্লাহ জানতে চান— ব্রাহ্মণবাড়িয়া কালচারাল জেলা হওয়া সত্ত্বেও সেখানে বিনোদন কেন্দ্র বা অনুষ্ঠান বন্ধের প্রশ্নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ব্যর্থ হয়েছে কিনা? প্রশ্নোত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢালাওভাবে আইনশৃঙ্খলা বাহিনী বা সরকারের ব্যর্থতার কথা বলা ‘পল্টনের বক্তৃতার’ মতো। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পরপরই ক্ষোভ প্রকাশ করে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন বিরোধীদলীয় নেতা।








