রাস্তার পাশে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ, কাভার্ড ভ্যানচাপায় এসআইসহ নিহত ২

নিহত এসআই মিজানুর রহমান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা। ছবি: আগামীর সময়
গাজীপুরের কালীগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় পুলিশের এক এসআই ও বিএনপির এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও দুই সদস্য আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান (৩০) ও তুমুলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিন মোল্লার ছেলে রফিকুল ইসলাম মোল্লা (৪৫)। রফিকুল মোল্লা কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
এ ঘটনায় আহত পুলিশের উপপরিদর্শক (পিএসআই) জাবেদ ওমর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কনস্টেবল ফজলে রাব্বিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তুমলিয়া এলাকায় রাতের টহল ও পরোয়ানা তামিলের দায়িত্ব পালন করছিলেন এসআই মিজানুর রহমানসহ পুলিশের একটি দল। মহাসড়কের পাশে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের সময় একটি অজ্ঞাতনামা কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে চারজন গুরুতর আহত হন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানালেন, কাভার্ড ভ্যানের সঙ্গে আটকে পড়া এসআই মিজানুর রহমানকে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে সড়কের পাশে ফেলে রেখে চালক পালিয়ে যান।
আহত এসআই মিজানুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ শুক্রবার সকাল ৬টা ৪৭ মিনিটে তার মৃত্যু হয়। এর আগে রাত বৃহস্পতিবার ৩টা ৫৫ মিনিটে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান রফিকুল।
কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।




