সময়ের প্রয়োজনে হবে আইনের পরিবর্তন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন
নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিদ্যমান আইন, বিধি ও নীতিমালা সময়োপযোগী করা হবে, জানালেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি যে বাস্তবতার কথা বলছেন, সেটি হলো প্রযুক্তির দ্রুত বিকাশ ও ডিজিটাল ইকোসিস্টেমের বিস্তার। এক্ষেত্রে প্রয়োজনে নতুন আইন তৈরির উদ্যোগ নেওয়া হবে, সেটিও বললেন মন্ত্রী। এজন্য সংশ্লিষ্টদের বিভিন্ন দেশের আইন পর্যালোচনা ও বাস্তবতা পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের নির্দেশও দিলেন। গতকাল রবিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় উঠে এলো এসব কথা।
তথ্যমন্ত্রী বলছিলেন, ‘বর্তমান সময়ে মানুষের জীবনযাপন, চিন্তাভাবনা, যোগাযোগ ও সামাজিক আচরণের সঙ্গে ডিজিটাল প্রযুক্তি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। প্রযুক্তি যেমন মানুষের জন্য আশীর্বাদ হয়ে এসেছে, তেমনি এর সঙ্গে নতুন ধরনের ঝুঁকি ও চ্যালেঞ্জও তৈরি হয়েছে। এসব চ্যালেঞ্জ চিহ্নিত করে সেগুলোকে একটি কার্যকর আইনি কাঠামোর আওতায় আনা এখন সময়ের দাবি।’ তার মন্ত্রণালয়ের আওতায় থাকা সব আইন, বিধি, প্রবিধান ও নীতিমালা পর্যালোচনার কাজ এরই মধ্যে শুরু, জানালেন মন্ত্রী।
একসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যপরিধি মূলত প্রিন্ট মিডিয়া ও সম্প্রচারমাধ্যমে সীমাবদ্ধ ছিল জানিয়ে জহির উদ্দিন স্বপন বললেন, ‘ডিজিটাল প্ল্যাটফর্ম ও ডিজিটাল ইকোসিস্টেমের বিকাশের ফলে অসংখ্য নতুন মাধ্যম তৈরি হয়েছে।’




