নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

গ্রাফিকস: আগামীর সময়
দেশের থানাগুলোয় ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এই হিসাব সাত মাসের, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ের। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে বা তারা পরিবারের কাছে ফিরে গেছে। কিন্তু এখনো সন্ধান মেলেনি ২ হাজার ৩৮ শিশুর। অর্থাৎ নিখোঁজ হওয়া শিশুদের প্রায় ১৩ শতাংশ এখনো ফেরেনি পরিবারের কাছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক বার্তায় জানানো হয় এসব তথ্য।
পুলিশের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত শূন্য থেকে ৯ বছর বয়সী ৪৭৪ শিশু নিখোঁজের জিডি হয়েছে। এর মধ্যে ৪০৬ জন উদ্ধার হয়েছে, নিখোঁজ রয়েছে ৬৮ জন। একই সময়ে ১০ থেকে ১৭ বছর বয়সী নিখোঁজ হয়েছে ১৫ হাজার ২৪৩ জন। তাদের মধ্যে ১৩ হাজার ২৭৩ জন উদ্ধার হয়েছে, এখনো নিখোঁজ ১ হাজার ৯৭০ জন। নিখোঁজের কারণ হিসেবে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ছোট শিশুরা সাধারণত পরিবারের সঙ্গে অপরিচিত স্থানে গিয়ে পথ হারিয়ে, ঠিকানা বলতে না পারায় কিংবা একা বাড়ি ফেরার পথে অন্য কোথাও চলে যাওয়ার কারণে নিখোঁজ হয়। কিশোর-কিশোরীদের ক্ষেত্রে কারণ কিছুটা ভিন্ন। অভিমান, পড়াশোনার চাপ, পারিবারিক কলহ, স্বাধীন জীবনযাপনের আকাঙ্ক্ষা, বন্ধু বা সহপাঠীদের প্রভাব এবং পরিবারের কাছ থেকে অর্থ বা অন্য সুবিধা পাওয়ার চেষ্টা তাদের বাড়ি ছাড়ার বড় কারণ।
পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে নিখোঁজের ঘটনায় জিডি হয়েছিল ১৭ হাজার ৮০৮টি। ২০২৪ সালে তা কমে দাঁড়ায় ১৬ হাজার ৪১৪টিতে। তবে ২০২৫ সালে আবার বেড়ে হয় ২২ হাজার ৫৫০টি।





