ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

ফাইল ছবি
বসনিয়ার উত্তরাঞ্চলে ক্রোয়েশিয়া সীমান্তের কাছে বাংলাদেশসহ তিন দেশের ৯৬ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে দেশটির সীমান্ত পুলিশ। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যদেশ ক্রোয়েশিয়ায় ঢোকার চেষ্টার সময় গতকাল বুধবার বিসত্রিকা এলাকায় দুটি পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বসনিয়ার সীমান্ত পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের বড় একটি অংশ বাংলাদেশি নাগরিক। প্রথম অভিযানে ৬৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ২৩ জন বাংলাদেশি ও ৪০ জন পাকিস্তানি নাগরিক।
একই এলাকায় দ্বিতীয় অভিযানে আরও ৩৩ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়। এই দলেও বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিক ছিলেন। তবে দ্বিতীয় দলে কতজন বাংলাদেশি ছিলেন, তা সুনির্দিষ্টভাবে জানায়নি পুলিশ।
বসনিয়ার সীমান্ত পুলিশ জানায়, আটক ব্যক্তিরা সীমান্তবর্তী সাভা নদী পাড়ি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ জন্য তারা দুটি নৌকা ব্যবহারের পরিকল্পনা করেছিলেন। পুলিশ নৌকা দুটি জব্দ করেছে। এ ঘটনায় মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে শনাক্ত করা হয়েছে।
ইউরোপে প্রবেশের জন্য অভিবাসনপ্রত্যাশীরা নিয়মিত বলকান রুট ব্যবহার করেন। বসনিয়া এই রুটের গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় দেশটি অনেকের কাছে ইউরোপে প্রবেশের পথে ট্রানজিট হিসেবে ব্যবহৃত হয়।






