গোপালগঞ্জে আরও এক ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন
আগামীর সময় প্রতিবেদক

ফাইল ছবি
গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত আরও এক ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন শুরু হয়েছে।
আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি সদরদপ্তর।
এর আগে গত ১৮ নভেম্বর গোপালগঞ্জে এক ব্যাটালিয়ন (২৭-২৯ প্লাটুন) বিজিবি সদস্য মোতায়েন করা হয়। আজ শনিবার তাদের সঙ্গে যুক্ত হলো অতিরিক্ত আরও এক ব্যাটালিয়ন বিজিবি।
মোতায়েনকৃত বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।
এর আগে গত কয়েকদিন ধরে গোপালগঞ্জজুড়ে ব্যাপক সহিংসতা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এই সময়ে গাছ কেটে সড়ক অবরোধ, তিনটি থানায় অগ্নি সংযোগ, তিনজন সংসদ সদস্যের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও হাসপাতালে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এতে ঢাকার সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে গোপালগঞ্জ। এই পরিস্থিতিতে গতকাল শুক্রবার গোপালগঞ্জ পরিদর্শন করেছেন পুলিশ, বিজিবি ও এসআরবি প্রধান।
এদিকে, গতকাল শুক্রবার গোপালগঞ্জের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। তবে এখনও আতঙ্ক বিরাজ করছে জেলাজুড়ে। এমন পরিস্থিতে জেলাটিতে মোতায়েন করা করা হলো অতিরিক্ত এক ব্যাটালিয়ন বিজিবি।





