Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

মঙ্গা জয়ের পথ দেখানো কৃষিবিজ্ঞানী

  • কার্তিকে খাদ্যের অভাব নিয়ে শুধু ভেবেছিলেন ড. আব্দুল মজিদ
  • স্বল্প মেয়াদের ব্রিধান ৩৩ নিয়ে আসেন রংপুর অঞ্চলে
  • একই জমিতে এক বছরে বেশি ফসলের সুযোগ তৈরি
জহির রায়হান
agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩৭
শেয়ার করুন:
মঙ্গা জয়ের পথ দেখানো কৃষিবিজ্ঞানী

ড. আব্দুল মজিদ

‘গাঁয়ে এখন কার্তিকমাসী মঙ্গা। ক্ষেতমজুরদের পঞ্চইন্দ্রিয় জুড়ে মঙ্গার প্রকট অস্তিত্বভার। হাতে পয়সা নেই, ঘরে চাল নেই, রিলিফের গম উধাও। বাঁচার একমাত্র সম্ভাবনা গেরস্ত-মহাজনদের ভুঁইভরা ধানের শিষ, যা সোনার ধান হয়ে উঠতে কমসে কম আরও ১০ দিন।’ কথাসাহিত্যিক মঞ্জু সরকারের মঙ্গাকালের মানুষ গল্প সংকলনের ‘অবিনাশী আয়োজন’ গল্পে এভাবেই তুলে ধরা হয়েছে উত্তরাঞ্চলের মঙ্গাকবলিত জনপদকে। একসময় ফি বছর আশ্বিনের দ্বিতীয় সপ্তাহ থেকে কার্তিক মাস জুড়ে বৃহত্তর রংপুর অঞ্চলের দরিদ্র মানুষদের মুখোমুখি হতে হতো অনাহারের মতো ভয়ংকর পরিস্থিতির।

আশি ও নব্বইয়ের দশক পেরিয়ে একবিংশ শতাব্দীর প্রথম দশকেও মঙ্গার বিস্তর প্রকোপ ছিল এই অঞ্চল জুড়ে। এখন ২০২৬ সাল। বদলে গেছে উত্তরের চিত্র। আর নেই মঙ্গার সেই প্রকোপ। সরকার, বেসরকারি সংস্থা, গণমাধ্যম ও ব্যক্তিপর্যায়ের নানান উদ্যোগে তৈরি হয়েছে মঙ্গা নিরসনের পথ। যাদের প্রচেষ্টায় এসেছে এই সাফল্য, তাদেরই একজন কৃষিবিজ্ঞানী ড. মো. আব্দুল মজিদ। নিজের কাজের স্বীকৃতি হিসেবে ২০১৮ সালে তার অর্জনের থলেতে জমা হয় স্বাধীনতা পদক (খাদ্যনিরাপত্তা)।


কৃষি বিজ্ঞানী ড. আব্দুল মজিদ।

উত্তরের পথে পথে

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে ১৯৭৭ সালের ২৩ সেপ্টেম্বর পেশাজীবন শুরু হয় আব্দুল মজিদের। ২০০২ সালের মার্চ পর্যন্ত ব্রির রাজশাহী কার্যালয়ে ছিলেন ভারপ্রাপ্ত মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে। এরপর বদলি হয়ে রংপুর এসে গণমাধ্যমে মঙ্গা নিয়ে তৎপরতা দেখেন তিনি। তার ভাষায়, সবাই বলছিল, কার্তিক মাসে খাদ্যের অভাব হয়। কিন্তু এর সমাধান কী, কেউ বলছিলেন না।

২০০৩ সালে প্রথম আলোতে উত্তরাঞ্চলে মঙ্গার খবর। ছবি: সংগৃহিত

রংপুর সদরের মমিনপুর থেকে গবেষণা শুরু করলেন ড. মজিদ। সেখানকার কৃষকদের কাছে জানতে চান, মঙ্গা কখন হয়, কারা ক্ষতিগ্রস্ত হয়। কোন ধান চাষ হয় এবং সেগুলো কখন লাগানো ও কাটা হয়। সংগৃহীত তথ্যে দেখা গেল, আমন ধান পাকে নভেম্বরের প্রথম থেকে শেষ দিকে। এর মধ্যে কার্তিক মাসে কৃষিশ্রমিকদের থাকে না কোনো কাজ। তার গবেষণায় উঠে এসেছিল, কাজের অভাবে কৃষিশ্রমিকদের আগাম শ্রম বিক্রি হতো প্রায় ৩৯ শতাংশ কম দামে।

ড. মজিদ দেখলেন, ক্ষুদ্র কৃষকরা মহাজনের কাছ থেকে ধার নিচ্ছেন ধান। এক বস্তা ধান নিয়ে পরে দেড় বস্তা ধান দিতে হতো। অনেকে উচ্চ সুদে টাকা নিতেন। কেউ ছাগল ও গাছ বিক্রি করতেন। এভাবেই কার্তিক মাস পার করতে হতো। তিনি ভাবলেন, যদি ধান কার্তিক মাসেই পাকানো যায়, তাহলে তা কাটা ও মাড়াইয়ের কাজ পাবেন কৃষিশ্রমিকরা। মহাজনের কাছে বিক্রি করতে হবে না আগাম শ্রমও।

২০০৬ সালে তখনকার কৃষিমন্ত্রী এমকে আনোয়ার রংপুরে ব্রিধান ৩৩ এর প্লট পরিদর্শন করেন। ছবি: আব্দুল মজিদের সৌজন্যে

গবেষণা নিয়ে মাঠে

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট স্বল্পমেয়াদি জাত আমন ব্রি ধান-৩৩ উদ্ভাবন করে ১৯৯৭ সালে। রাজশাহীতে কর্মরত অবস্থায় ড. মজিদ জাতটির আঞ্চলিক পরীক্ষা ও মাঠ প্রদর্শনীতে যুক্ত ছিলেন। এবার তিনি এটি মাঠে প্রয়োগের জন্য ধানবীজ নিয়ে আসেন রংপুর অঞ্চলে।

সেখানকার কৃষকরা আমন মৌসুমে মূলত বিআর-১১ জাতের ধানের ওপর নির্ভরশীল ছিলেন। এটি রোপণ থেকে পাকা পর্যন্ত ১৪০ থেকে ১৪৫ দিন সময় লাগত। অথচ ব্রি ধান-৩৩ মাত্র ১১৫ দিনে পেকে যায়। সরাসরি শুকনো জমিতে বীজ বপন করলে সময় লাগে মাত্র ১০৫ দিন।

মঙ্গা মোকাবিলায় ব্রিধান ৩৩-এর প্লটে একজন কৃষকের সঙ্গে ড. আব্দুল মজিদ। ছবি: আব্দুল মজিদের সৌজন্যেড. মজিদ হিসাব করে দেখলেন, কার্তিক মাসেই ধান পাকিয়ে ফেলা গেলে কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য নিরাপত্তা ও আসবে ফসলের বৈচিত্র্য। এ ছাড়া ধান এক মাস আগে উঠে যাওয়ায় জমি দ্রুত ফাঁকা হবে। সেখানে চাষ করা সম্ভব হবে আগাম আলু, সরিষা ও ভুট্টা। এতে এক বছরে বেশি ফসল হওয়ার সুযোগ তৈরি হবে একই জমিতে। তার মতে, এটি ‘লাভজনক ফসল প্যাটার্ন’।

আব্দুল মজিদের ভাষ্য, ২০০৪ সালে কৃষকপর্যায়ে এই ধানের প্রদর্শনী শুরু হয়। কাটা হয় কার্তিক মাসের মঙ্গার সময়। এরপর ২০০৫ সালে ফিলিপাইনে ইন্টারন্যাশনাল রাইচ রিসার্চ ইনস্টিটিউটের (ইরি) একটি কর্মসূচিতে তখনকার কৃষি প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের (বর্তমানে রাষ্ট্রপতি) সঙ্গে পরিচয় করিয়ে দেন ইরির ওই সময়ের সোশ্যাল সায়েন্স বিভাগের প্রধান ড. মাহবুব হোসেন (প্রয়াত)।

আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) ৫০ বছর পূর্তির ক্যালেন্ডারে ইরির প্রতিনিধিসহ ড. মজিদ। ছবি: আব্দুল মজিদের সৌজন্যে

আব্দুল মজিদ বলছিলেন, কৃষি প্রতিমন্ত্রীর নির্দেশনায় ওই বছরের ১৪ মে লালমনিরহাটের ডালিয়ায় নর্থওয়েস্ট ক্রপ ডাইভারসিফিকেশন প্রকল্পের কর্মশালায় মঙ্গা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন তিনি। তখন কৃষি প্রতিমন্ত্রী নির্দেশনা দেন মঙ্গাপ্রবণ এলাকায় ব্রি ধান-৩৩ সম্প্রসারণের।

লক্ষ্য ১ লাখ হেক্টর জমি

বৃহত্তর রংপুরের রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট ও নীলফামারী— এই পাঁচ জেলায় প্রায় ১ লাখ ৭ হাজার হেক্টর উঁচু ও মাঝারি উঁচু জমি আছে। এই জমিই ছিল আব্দুল মজিদের কাজের মূল লক্ষ্য। তিনি মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের উপজেলা নির্দেশিকা ব্যবহার করে জমির ধরন চিহ্নিত করেন। তার হিসাব ছিল, এই জমির অন্তত এক লাখ হেক্টরে আগাম আমন ধান চাষ করা গেলে প্রতি হেক্টরে গড়ে চার টন ফলন হবে। এতে প্রায় চার লাখ টন খাদ্য কার্তিক মাসেই বাজারে আসবে ও খাদ্য জোগান সহজ হবে।

ইরির ৫০ বছর পূর্তির ক্যালেন্ডার। ছবি: আব্দুল মজিদের সৌজন্যে

আব্দুল মজিদের উদ্যোগ কাছ থেকে দেখেছেন রংপুরের জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মী মামুন ইসলাম। তিনি মোবাইল ফোনে বললেন, ‘ড. মজিদ ভিন্ন ধরনের লোক। বাংলাদেশ যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, এর পেছনে তিনি নিরলসভাবে কাজ করেছেন। নিজের পকেটের টাকা খরচ করেও এই ধান কৃষকের কাছে পৌঁছে দিয়েছেন।’

জিও-এনজিও মডেল

ড. মজিদের মতে, কোনো গবেষণাভিত্তিক প্রযুক্তি একা গবেষকের কাছে রেখে মাঠে পৌঁছায় না। ব্রি ধান-৩৩ সম্প্রসারণের জন্য ২০০৪ সালে গড়ে তোলেন ‘নর্থওয়েস্ট ফোকাল এরিয়া ফোরাম’। ফোরামের চেয়ারপারসন হন তিনি। সদস্য সচিব বেসরকারি সংস্থা আরডিআরএসের তৎকালীন পরিচালক (কৃষি ও পরিবেশ) ড. সৈয়দ শামসুজ্জামান। মূলত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান মিলে সমন্বিতভাবে মাঠপর্যায়ে কাজ করতে গড়া হয় ওই ফোরাম।


২০০৬ সালে উত্তরাঞ্চলের মঙ্গা মোকাবিলায় কর্মসংস্থান বিষয়ক প্রশিক্ষণ। ছবি: আব্দুল মজিদের সৌজন্যে

তখনকার কথা জানতে চাইলে সৈয়দ শামসুজ্জামান মোবাইল ফোনে বললেন, ‘রংপুর অঞ্চল নদীভাঙনপ্রবণ এলাকা। সেখানে গতানুগতিক ধান উৎপাদন করে আলু, সরিষা, গম বা শাকসবজি রোপণ করা সম্ভব হচ্ছিল না। তাই আমাদের উদ্দেশ্য ছিল ক্রপিং প্যাটার্ন বদল করা। এই উদ্যোগে মূল ভূমিকা রাখেন ড. মজিদ।’

‘তখনকার কৃষি সচিব আবদুল আজিজ ও ব্রির মহাপরিচালক নূর-ই-ইলাহি এ বিষয়ে আন্তরিক ছিলেন। তারা মঙ্গা নিরসনে কৃষকের কাছে ব্রি ধান-৩৩ পৌঁছে দিতে এই অঞ্চলের কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেন। ২০০৬ সালে তখনকার কৃষিমন্ত্রী এম কে আনোয়ার ও ব্রির মহাপরিচালক রংপুর আঞ্চলিক কার্যালয়ে এসে কার্তিক মাসে পরিপক্ব ব্রি ধান-৩৩-এর প্লট ঘুরে দেখেন’— বলছিলেন ড. মজিদ।


ভূমিকা রাখে সেনাবাহিনীও

ব্রি ধান-৩৩ জাতের সবচেয়ে সুবিধা ছিল, কার্তিক মাসেই নতুন ধান পাওয়া যাচ্ছিল। এতে কৃষিশ্রমিকদের কাজ বাড়ছিল। খাদ্যের সংকট ও মহাজনের ওপর নির্ভরতা কমছিল।


২০০৮ সালে রংপুরের তারাগঞ্জে ব্রিধান ৩৩ এর চারা রোপন করছেন তখনকার সেনাপ্রধান মঈন উ আহমেদ। ছবি: আব্দুল মজিদের সৌজন্যে

ড. মজিদের ভাষ্য, ২০০৭ সালের দিকে সাবেক তত্ত্বাবধায়ক সরকার ও বাংলাদেশ সেনাবাহিনী ব্রি ধান-৩৩ কৃষকপর্যায়ে ছড়াতে বিশেষ উদ্যোগ নেয়। ২০০৮ সালের ১৬ জুলাই তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ রংপুরের তারাগঞ্জে গিয়ে ব্রি ধান-৩৩-এর চারা রোপণ করে মঙ্গা নিরসন মডেলের উদ্বোধন করেন।

‘মঙ্গার ধানে’ মঙ্গা জয়

ড. মজিদ বললেন, আগে ব্রি ধান-৩৩ ছিল প্রধান আগাম জাত। এখন ব্রি ধান-৭৫, ব্রি ধান-১০৩, ব্রি ধান-১১০ ও ব্রি ধান-১১৯-এর মতো আরও আগাম জাত এসেছে। আর এসব ধান চাষ হওয়ায় দূর হচ্ছে কার্তিকের অভাব।


প্রায় ২০ বছর আগের ব্রিধান ৩৩ এর মাঠ ছবি: আব্দুল মজিদের সৌজন্যে

উত্তরাঞ্চলের কৃষকদের কাছে এখনো আগাম ধান ‘মঙ্গার ধান’ হিসেবে পরিচিত। কৃষি বিভাগের কর্তাদের কাছে খোঁজ নিয়ে জানা গেল, চলতি মৌসুমে রংপুর কৃষি অঞ্চলের পাঁচ জেলায় স্বল্পমেয়াদি ও আগাম জাতের ধান চাষ হয়েছে এক লাখের বেশি হেক্টর জমিতে। ফসলও উঠতে শুরু করেছে অক্টোবরের মাঝামাঝি থেকে।

বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর ক্যান্টনমেন্টের তখনকার জিওসি মেজর জেনারেল সৈয়দ ফাতেমী আহমেদ রুমীর তত্ত্বাবধানে ব্রিধান ৩৩ এর অঙ্কুরিত বীজ ড্রাম সিডারে সরাসরি বোপন। ২০০৮ সালের ছবি। ছবি: আব্দুল মজিদের সৌজন্যে

গত অক্টোবেরের শেষ সপ্তাহে কুড়িগ্রাম ঘুরে এসেছেন এই প্রতিবেদক। তখন চোখে পড়ে সোনালি রঙের পাকা ধানের ক্ষেত। মনের আনন্দে কৃষকরা কাটছিলেন আগাম ধান। কথা হয় কুড়িগ্রামের কাঁঠালবাড়ীর খোলারপাড়ের কৃষক আলমগীর হোসেনের সঙ্গে। তিনি ডান হাত তুলে আঙুল দিয়ে মাঠ ভরা ধানক্ষেত দেখিয়ে বললেন, ‘এইগলা হামার মঙ্গার ধান। হামার মঙ্গা থামাইছে। ধান কাটি হামরা আলু গারমো (লাগাবো)। মঙ্গা আর কুদি (কোন দিক দিয়ে) আইসবে।’


২০০৮ সালে মঙ্গা দূরীকরণে ব্রিধান ৩৩ সম্প্রসারণে ফসলের মাঠ পরিদর্শন ও মাঠ দিবস তখনকার জিওসি মেজর জেনারেল সৈয়দ ফাতেমী আহমেদ রুমী। ছবি: আব্দুল মজিদের সৌজন্যে

গবেষণায় মগ্ন এক জীবন

মঙ্গার পাশাপাশি ড. মজিদ বন্যাসহিষ্ণু ধানের গবেষণাও করেন। ২০০৭ সালে কুড়িগ্রামে টানা বন্যার পর অন্য ধান নষ্ট হলেও তার পরীক্ষিত স্বর্ণা সাব-১ (পরে ব্রি ধান-৫১ নামে অবমুক্ত) বেঁচে থাকে। এরপর বন্যাকবলিত অঞ্চলে লাগানো হয় এই ধান। ২০০৯ সালের ৩১ মে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (সিএসও) ও কৃষিতত্ত্বপ্রধান হিসেবে অবসর নেন আবদুল মজিদ। এখন তার বয়স ৭৪ বছর। জানালেন, কৃষি জমিতে সৌরবিদ্যুতের সর্বোত্তম ও বহুমুখী ব্যবহার নিয়ে করছেন গবেষণা।

২০০৬ সালে ব্রিধান ৩৩ এর মাঠে রংপুরে কর্মরত বাসসের জ্যেষ্ঠ সাংবাদিক মামুন ইসলাম। ছবি: আব্দুল মজিদের সৌজন্যে।

দীর্ঘ গবেষণাজীবন কেমন কাটল— এমন প্রশ্নে ড. মজিদ বললেন, ‘২০১০ সালে ইরির ৫০ বছর পূর্তিতে একটি ক্যালেন্ডার বের করে ছিল। সেই ক্যালেন্ডারের দ্বিতীয় ছবিটি আমাদের ব্রি আঞ্চলিক কার্যালয় রংপুরের গবেষণার। আমার গবেষণাটি আন্তর্জাতিকভাবে ডকুমেন্টেশন হয়েছে, এটা তার প্রমাণ। এই ক্যালেন্ডারটি পৃথিবীর ৬২টি দেশে পৌঁছেছে। তার মানে, বাংলাদেশকে আমি ৬২টি দেশে নিয়ে যেতে পেরেছি।’

মঙ্গা জয়কৃষিবিজ্ঞানীড. আব্দুল মজিদফসলঅভাবঅস্তিত্বভারক্ষেতমজুরখাদ্যনিরাপত্তা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট