এসএসএফের সাবেক ডিজি মজিবুরের বিরুদ্ধে হচ্ছে দুই মামলা

লে. জেনারেল (অব.) মো. মজিবুর রহমান। ছবি: সংগৃহীত
জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) মো. মজিবুর রহমানের বিরুদ্ধে দুটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
একটি মামলা মজিবুর রহমানের বিরুদ্ধে। আরেকটি স্ত্রী তাসরীন মুজিবের বিরুদ্ধে। সেখানে সহায়তাকারী হিসেবে আসামি করা হবে মজিবুরকেও।
আজ বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের ভাষ্য, সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ করে নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন মজিবুর রহমান।
দুদক জানায়, মজিবুর রহমানের নামে ২ কোটি ৭১ লাখ ৬ হাজার ২৫২ টাকা মূল্যের জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ এবং তার স্ত্রী তাসরীন মুজিবের নামে ৭ কোটি ৫২ লাখ ৯ হাজার ১৯৩ টাকা মূল্যের জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে।
দুদক আরও জানায়, এসব সম্পত্তির মালিকানা অসাধু উপায়ে অর্জন করে তিনি তা দখলে রেখেছেন। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।
অন্য মামলায় মজিবুর রহমানের স্ত্রী তাসরীন মুজিবকেও আসামি করা হবে। অনুসন্ধানে তার নামে ৭ কোটি ৫২ লাখ ৯ হাজার ১৯৩ টাকা মূল্যের সম্পদের তথ্য পাওয়া গেছে, যা তার জ্ঞাত-আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ বলে জানিয়েছে দুদক।
দুদকের অনুসন্ধান বলছে, স্বামীর সহায়তায় অসাধু উপায়ে এসব সম্পদের মালিকানা অর্জন করে তাসরীন মুজিব তা ভোগদখলে রেখেছেন।





