চাঁদাবাজ, সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে : আইজিপি

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইজিপি
মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের দলীয় পরিচয় বিবেচনা না করে কঠোরভাবে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, অপরাধীর একমাত্র পরিচয় অপরাধী। একই সঙ্গে কিশোর অপরাধীদের বিরুদ্ধেও যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের তাগিদ দিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত আগস্ট ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন। ভার্চুয়ালি অনুষ্ঠিত এই সভায় দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা যুক্ত ছিলেন।
মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে আইজিপি জানান, মাদক প্রতিরোধে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করতে হবে। এ ছাড়া আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করা এবং সোশ্যাল মিডিয়ায় যেকোনো গুজব ও অপপ্রচার রোধে সতর্ক থাকার তাগিদ দেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান। কিশোর গ্যাংয়ের নেপথ্যে কোনো প্রভাবশালী ব্যক্তি জড়িত আছে কি না, তা খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন তিনি। সেই সঙ্গে পূজার নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন, ডিউটিকালীন বডি ওর্ন ক্যামেরার যথাযথ ব্যবহার এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পেশাদারত্ব বজায় রাখার আহ্বান জানান এই কর্মকর্তা।
আলোচনায় আগস্ট মাসের সার্বিক অপরাধ পরিস্থিতির পাশাপাশি ডাকাতি, খুন, ধর্ষণ, অপহরণ, মুলতবি পরোয়ানা ও তদন্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়।



