ডেঙ্গুতে আরও ২৯ জন হাসপাতালে ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন। তবে এই সময়ে কেউ মারা যাননি।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে আজ সোমবার পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আটজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচ, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচ, ঢাকা উত্তর সিটি করপোরেশনে এক, দক্ষিণ সিটি করপোরেশনে পাঁচ, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) এক এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।
এই সময়ে ৪৯ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৬১৪ জন।
চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭১৭ জন। এর মধ্যে ৬২ দশমিক ৭ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ৩ শতাংশ নারী। এই বছর মৃত্যু হয়েছে পাঁচজনের।
২০২৫ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মৃত্যু হয় ৪১৩ জনের।




