পলাতকদের বদলে সারের নতুন ডিলার নিয়োগের উদ্যোগ

গ্রাফিকস: আগামীর সময়
সার নিয়ে কৃত্রিম সংকট ও গুজব রোধে সংসদ সদস্যদের সরাসরি মাঠে নেমে ভূমিকা রাখার নির্দেশনা দিয়েছে সরকার।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সংসদীয় দলের বৈঠকে এ আহ্বান জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে সার নিয়ে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানিয়েছেন, দেশে সারের পর্যাপ্ত মজুদ থাকলেও বিতরণ ব্যবস্থা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। বিগত সরকারের আমলের পলাতক ডিলারদের স্থানে দ্রুত নতুন ডিলার নিয়োগ করা হবে। এ ছাড়া তদারকি বাড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আহ্বায়ক করে উপজেলাভিত্তিক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা বা মজুদদারির বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানালেন, কৃষকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কারণ, চাহিদার চেয়েও বেশি সার মজুদ আছে। পুরনো ডিলারদের মাধ্যমে কার্যক্রম বহাল রাখার পরিপত্র জারি করা হলেও অসাধু ডিলারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ডিলারদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে কমিশন বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী নীতিগত সম্মতি দিয়েছেন, যা দ্রুত কার্যকর হবে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ইউরিয়া ও নন-ইউরিয়া সারের সঠিক সরবরাহ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিগত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত অনেক ডিলার হঠাৎ আত্মগোপনে চলে যাওয়ায় মাঠপর্যায়ে বিতরণ ব্যবস্থা বিঘ্নিত হয়, যার সুযোগে একশ্রেণির অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট, মজুদদারি এবং ডিলার পরিবর্তনের গুজব ছড়িয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে।







