জন্মনিয়ন্ত্রণে ২২ বছরের পুরনো স্লোগান
- ‘দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়’ স্লোগানে ডিসেম্বরে শুরু হচ্ছে প্রচারাভিযান
- জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার কমছে
- বেড়েছে প্রজনন হার
- অন্যতম উদ্দেশ্য অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ প্রতিরোধ

সংগৃহীত ছবি
এক বিশ্ববিদ্যালয় শিক্ষক দম্পতির তিন ছেলেমেয়ে। তাদের মধ্যে কনিষ্ঠ সন্তান নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল ওই নারী শিক্ষকের ভাইয়ের একমাত্র ছেলের মৃত্যু। নারী শিক্ষকের ভাতিজা ডেঙ্গুতে মারা গেলে তৃতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা করেন তারা। তাদের তৃতীয় সন্তানের জন্ম হয় ২০২৪ সালে।
রাজধানীর বাসাবাড়িতে ছুটা গৃহকর্মী ময়না আক্তারের চতুর্থ সন্তানের জন্মও একই বছরে। পরিকল্পনা করে সন্তান নেননি গাইবান্ধার ময়না। জন্মনিয়ন্ত্রণ বড়ি পাননি বলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হয়েছে তার। অনাগত সন্তানের কথা ভেবে গর্ভপাত করেননি।
প্রেক্ষাপট ভিন্ন হলেও দেশে একদিকে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার কমছে, অন্যদিকে বাড়ছে প্রজনন হার। ১৯৭১ সালে জনসংখ্যা ছিল সাত কোটির কিছু বেশি। ১৯৯০ সালের দিকে সে সংখ্যা ছাড়িয়ে যায় ১১ কোটি। বর্তমানে ১৮ কোটি, যা ১৯৪৫ সাল নাগাদ হবে ২৫ কোটি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (মিকস) ২০২৫-এর তথ্য অনুযায়ী, দেশে প্রজনন হার বেড়ে ২ দশমিক ৪ হয়েছে। ২০২২ সালে এ হার ছিল ২ দশমিক ১৫। অন্যদিকে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার ৬২ দশমিক ৭ থেকে কমে ৫৮ দশমিক ২ শতাংশে নেমেছে।
অথচ অতীতে পরিবার পরিকল্পনা কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ প্রজনন হার কমিয়ে আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিল। ১৯৭৫ সালে দেশে প্রজনন হার ছিল ৬ দশমিক ৩ শতাংশ। কয়েক দশকের ব্যবধানে তা কমে ২০২২ সালে ২ দশমিক ১৫ শতাংশে নেমে আসে।
এসব কারণ আমলে নিয়ে জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করছে সরকার। এর অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর শুরু হবে জাতীয় প্রচারাভিযান। ‘দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়’ স্লোগানে বছরব্যাপী এই কর্মসূচি চলবে। নবদম্পতিদের কাউন্সেলিংসহ নানা উদ্যোগে এ সময়ে ২৭ লাখের বেশি মানুষকে সচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
এই অধিদপ্তরের মহাপরিচালক ড. জিন্নাত রেহানা বলছেন, করোনা মহামারীর সময় থেকেই পরিবার পরিকল্পনার সেবা কিছুটা স্তিমিত হয়ে পড়েছে। জন্মনিয়ন্ত্রণ সামগ্রীরও ঘাটতি ছিল। তাই অনেকগুলো সূচক নিচের দিকে নেমেছে। এসব বিষয় বিবেচনায় এই প্রচারাভিযান চালানো হবে।
স্বাধীনতার পরে বাংলাদেশে পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রচারে ‘ছোট পরিবার, সুখী পরিবার’ স্লোগানের মাধ্যমে শুরু। আশির দশকে সে স্লোগান পাল্টে হয় ‘ছেলে হোক, মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট’। পরে ২০০৪ সালে বিশ্ব জনসংখ্যা দিবসে ‘দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়’ স্লোগান সামনে আনা হয়। চীনের জনসংখ্যা কমে যাওয়ার বিষয় আমলে নিয়ে ২০১৮ সালে সরকার আগের অবস্থান থেকে সরে এসে আবার ‘ছেলে হোক, মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট’ স্লোগানে ফিরে যায়। এভাবে প্রায় চার দশকে পরিবার পরিকল্পনার স্লোগানে একাধিকবার পরিবর্তন এসেছে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠকর্মীরা কনডম, খাবার বড়ি, ইনজেকশন, ইমপ্ল্যান্ট, আইইউডিসহ প্রায় ২৮ ধরনের জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বিনামূল্যে সরবরাহ করেন। দুই বছরের বেশি সময় ধরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী কেনা ও সরবরাহে বিঘ্ন ঘটেছে। কোথাও কনডমের মজুদ শেষ। কোথাওবা জন্মনিয়ন্ত্রণ বড়ি বা জরায়ুর ভেতরে স্থাপনযোগ্য জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি আইইউডির মজুদ ছিল না।
অধিদপ্তরের পরিচালক (আইইএম) মো. তসলিম উদ্দিন খানের ভাষায়, নিম্ন আয়ের পরিবারের নারীদের জন্য সরকারি বিনামূল্যের সামগ্রী গুরুত্বপূর্ণ। সরকারি কেন্দ্রে না পেলে বাজার থেকে কিনে নেওয়ার সামর্থ্য অনেকের থাকে না।
১৯৫৩ সালে বেসরকারি উদ্যোগে দেশে পরিবার পরিকল্পনা কার্যক্রমের সূচনা। পরের বছর সরকার এ কার্যক্রমে যুক্ত হয় এবং ১৯৬৫ সালে এটি জাতীয় অগ্রাধিকারমূলক কর্মসূচিতে পরিণত হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ে। স্বাধীনতার পর ১৯৭২ সালে তা আবার শুরু হয়। ১৯৭৫ সালে পরিবার পরিকল্পনা অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়। পরের বছর জনসংখ্যা বৃদ্ধিকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়। সরকার জাতীয় জনসংখ্যা নীতি গ্রহণ করে।
পরিচালক (আইইএম) মো. তসলিম উদ্দিন খান জানালেন, সময়ের সঙ্গে পরিবার পরিকল্পনা কার্যক্রমের লক্ষ্য শুধু জন্মনিয়ন্ত্রণে সীমাবদ্ধ থাকেনি। এর সঙ্গে যুক্ত হয়েছে নিরাপদ মাতৃত্ব, প্রজননস্বাস্থ্য এবং অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ প্রতিরোধ। এবারের প্রচারাভিযানে সন্তানসংখ্যা দুয়ের মধ্যে রাখতে উদ্বুদ্ধ করার পাশাপাশি অন্যতম উদ্দেশ্য অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ প্রতিরোধ। অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ প্রজনন হার বৃদ্ধিতে প্রভাব রাখে বলে জানান এই পরিচালক।
এবার পরিবার পরিকল্পনা অধিদপ্তর ২২ দফা কৌশলগত কর্মপরিকল্পনা হাতে নিচ্ছে। ওয়েলবিয়িং ক্লাব গঠন, ইউনিয়ন পর্যায়ে পরিবার সংলাপ, হাটবাজারে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, ধর্মীয় ও সামাজিক নেতাদের সম্পৃক্ত করা অন্যতম। নবদম্পতিদের কাউন্সেলিং এবং পুরুষদের পরিবার পরিকল্পনা কার্যক্রমে যুক্ত করাও হবে। বস্তি, ভাসমান জনগোষ্ঠী, কিশোর-কিশোরী ও তরুণদের জন্যও বিশেষ কার্যক্রম রয়েছে। প্রথমবারের মতো যুক্ত করা হবে কনটেন্ট ক্রিয়েটরদের।
মহাপরিচালক ড. জিন্নাত রেহানা বলছেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ‘পরিবার কল্যাণসেবা ও প্রচার সপ্তাহ’ পালন করা হয়। এবার এর পাশাপাশি একই সময়ে বছরব্যাপী প্রচারাভিযানও শুরু হবে।
তিনি আরও বলছেন, নতুন প্রকল্পের আওতায় জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর ৭১ শতাংশ কেনার প্রক্রিয়া শেষ হয়েছে। ফলে প্রচারাভিযান এবং জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর প্রাপ্যতায় জন্মনিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।




