বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সংগৃহীত ছবি
রাজধানীর যানজট নিরসনে বৃত্তাকার সড়ক ইনার সার্কুলার রিং রোডের নির্মাণ কাজের দৃশ্যমান অগ্রগতি দেখতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রবিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এই প্রকল্পের গতি বাড়াতে নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব বলেছেন, ‘সভায় প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে দ্রুত তা দূর করা, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা এবং কাজ শেষ করতে একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।'
‘প্রধানমন্ত্রী প্রকল্পের নির্মাণ কাজের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে বলছেন। প্রকল্পের নির্মান কাজের গতি বাড়াতে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।’
তিনি আরও যোগ করেন, ‘সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা করে নির্মাণকাজের গতি বাড়াতে নির্দেশনা দিয়েছেন।’
ঢাকার এই বৃত্তাকার সড়কের একটি অংশ আব্দুল্লাহপুর রেলগেট থেকে ধউর, বিরুলিয়া, গাবতলী, বছিলা, হাজারীবাগ, সোয়ারীঘাট, কদমতলী, তেঘরিয়া, পোস্তা, ফতুল্লা, চাষাড়া ও শিমরাইল হয়ে ডেমরা পর্যন্ত বিস্তৃত । আরেকটি অংশ রেলগেইট থেকে তেরমুখ, পূর্বাচল ও বেরাইদ হয়ে ডেমরায় যাবে। সব মিলিয়ে প্রায় ৮৯ কিলোমিটার।
এর মধ্যে রায়ের বাজার, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর অংশের নির্মাণ কাজ চলছে। বৃত্তাকার এই সড়কের নির্মাণ কাজ সম্পন্ন হলে রাজধানীর ভেতরের সড়ক ব্যবহার না করেই এক প্রান্ত থেকে আরেক প্রান্তের যাওয়া যাবে।
বৈঠকে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



