ছায়ানটের শ্রোতার আসরে গাইলেন তিন শিল্পী

ছবি: আগামীর সময়
ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের নিয়মিত আয়োজন ‘শ্রোতার আসর’। গতকাল শুক্রবার সন্ধ্যায় সবার জন্য উন্মুক্ত এই রবীন্দ্রসংগীতের আসরে শ্রোতাদের মুগ্ধ করেন শিল্পী মনীষা দাস, অর্ণব বড়ুয়া ও নন্দিতা ইয়াসমিন।
অনুষ্ঠানের শুরুতেই শিল্পী মনীষা দাস পরিবেশন করেন ‘বরিষ ধরা-মাঝে শান্তির বারি’ ও ‘ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে’। এরপর মঞ্চে এসে শিল্পী অর্ণব বড়ুয়া গেয়ে শোনান ‘তোমার কথা হেথা কেহ তো বলে না’, ‘আমার আশায় আশায় থাকি’ এবং ‘আমার সকল নিয়ে বসে আছি’।
আসরের শেষ পর্বে শিল্পী নন্দিতা ইয়াসমিন একে একে পরিবেশন করেন গাও বীণা-বীণা, গাও রে’, ‘আমার মাথা নত করে দাও’, ‘আমি কান পেতে রই’, ‘অসীম ধন তো আছে তোমার’, ‘ভরা বাদর, মাহ ভাদর’, ‘কী দিব তোমায়। নয়নেতে অশ্রুধার’, ‘একি লাবণ্যে পূর্ণ প্রাণ’, ‘ওহে সুন্দর, মম গৃহে আজি’, ‘অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে’ এবং ‘আবার যদি ইচ্ছা কর’।
অনুষ্ঠানে তবলায় গৌতম কুমার সরকার, সেতারে ফিরোজ খান, কী-বোর্ডে এ বি এম তানভীর আলম সজীব এবং মন্দিরায় প্রদীপ কুমার রায় যন্ত্রানুষঙ্গে সঙ্গত করেন।



