ছায়ানটে মুক্তিযুদ্ধ, মাটি ও মানুষের গান

ছবি: আগামীর সময়
দেশপ্রেমের কালজয়ী গান নিয়ে রাজধানীর ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘ও আমার দেশের মাটি’ শিরোনামে সাংস্কৃতিক আয়োজন। গানে গানে দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা জাগানোর আহ্বান জানানো হয় এ আয়োজনে। দেশের গান, মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে আজ শুক্রবার সন্ধ্যায় ‘২৭ ধানমন্ডি-গাই বাংলার গান পর্ষদ’-এর উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
আয়োজনের মূল ভাবনায় ছিল দেশের গানকে শুধু বিনোদন বা সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতির ইতিহাস, আত্মপরিচয়, সংগ্রাম ও দেশপ্রেমের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে তুলে ধরা। অনুষ্ঠানে গান পরিবেশন করেন ছয় শিল্পী— মৌমিতা বড়ুয়া, মৌসুমি সরকার, খগেন্দ্রনাথ সরকার, বিজন মিস্ত্রি, মাহমুদুল হাসান ও তানজিনা তমা। তাদের কণ্ঠে পরিবেশিত হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, প্রকৃতি, মাটি, মানুষ ও দেশপ্রেমের নানা কালজয়ী গান।
আয়োজকদের ভাষ্য, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রামে দেশাত্মবোধক গান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এসব গান মানুষকে সাহস জুগিয়েছে, ঐক্যবদ্ধ করেছে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রেরণা দিয়েছে।’
মৌমিতা বড়ুয়া পরিবেশন করেন ‘একবার যেতে দে না, আমার ছোট্ট সোনার গাঁয়’, ‘স্মৃতি ঝলমল সুনীল মাঠের কাছে, আমার অনেক ঋণ আছে’ এবং ‘এক নদী রক্ত পেরিয়ে’। মৌসুমি সরকার গেয়ে শোনান ‘ও আমার বাংলা মা তোর’, ‘ও ভাই খাঁটি সোনার চেয়েও খাঁটি’ ও ‘ও আমার দেশের মাটি’।
খগেন্দ্রনাথ সরকার পরিবেশন করেন ‘এই না বাংলাদেশের গান গাইতে’, ‘চাষাদের মুটেদের মজুরের’ ও ‘ভেবো না গো মা তোমার ছেলেরা’। বিজন মিস্ত্রির কণ্ঠে শোনা যায় ‘মাগো ভাবনা কেন’, ‘সাঁঝের বেলায় পাখি ফিরে’ ও ‘একতারা তুই দেশের কথা’।
মাহমুদুল হাসান পরিবেশন করেন ‘মাগো ধন্য হলো জীবন আমার’, ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে’ ও ‘এ দেশ আমার মাটি আমার’। অন্যদিকে তানজিনা তমা গেয়ে শোনান ‘আজি বাংলাদেশের হৃদয় হতে’, ‘ধনধান্যে পুষ্পে ভরা’ ও ‘মোদের গরব মোদের আশা’।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ‘২৭ ধানমন্ডি-গাই বাংলার গান পর্ষদ’-এর আহ্বায়ক ফজলুল কবীর তুহিন বলেছেন, ‘আমরা দেশের গান করছি শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য নয়; করছি আমাদের শিকড়, ইতিহাস, আত্মপরিচয় এবং দেশপ্রেমকে নতুন করে জাগিয়ে তোলার দায়বদ্ধতা থেকে। দেশের গান একটি জাতির জন্মকথা, সংগ্রাম, আত্মত্যাগ, স্বপ্ন ও ভালোবাসার ইতিহাস ধারণ করে। বর্তমান সময়ে সাংস্কৃতিক ঐতিহ্য, সামাজিক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনা চর্চার গুরুত্ব আরও বেড়েছে। নতুন প্রজন্যের কাছে দেশের গান ও এর অন্তর্নিহিত ইতিহাস পৌঁছে দেওয়া এবং দেশপ্রেম, মানবিকতা ও মুক্তচিত্তের চর্চাকে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। আমরা গান গাইতে চাই মানুষের জন্য, দেশের জন্য, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য। আমাদের এই আয়োজন কোনো বিভাজনের নয়, সম্প্রীতির; কোনো সংকীর্ণতার নয়, মুক্তচিন্তার।’
তিনি আশা প্রকাশ করেন, দেশের গানকে কেন্দ্র করে এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও দেশপ্রেমের চেতনাকে আরও দৃঢ় করবে।



