কবি কাজী জহিরুল ইসলামকে ঘিরে এক অনিন্দ্য বিকেল

‘কাছের মানুষ দূরের গল্প’ শীর্ষক আলোচনা, কবিতা পাঠ ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন
কবি কাজী জহিরুল ইসলামের কবিতায় শিল্পবোধ, দর্শন ও বিষয়বৈচিত্র্য নিয়ে ‘কাছের মানুষ দূরের গল্প’ শীর্ষক আলোচনা, কবিতা পাঠ ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রকাশনা সংস্থা জলধি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক, গবেষক ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক মুখ্য সচিব সিরাজ উদ্দিন সাথী। আলোচনায় অংশ নেন কবি আতাহার খান, ড. মাহবুব হাসান, মুজতাহিদ ফারুকী, জাকির আবু জাফর, নাহিদা আশরাফী, আবিদ আজম, আশিক মুস্তফা, সফিক ইসলাম, মুজিবর রহমান বকুল, শেখ শোয়াইব, মোক্তার আরেফিন ও নাবিল নিশাতসহ অনেকে।
কবি কাজী জহিরুল ইসলামের কবিতা থেকে আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী নাসিম আহমেদ, তাহসিন রেজা, অনন্যা মাহমুদ, আব্দুল্লাহ আল মামুন, ফয়জুন নাহার, সাঈদা আজিজ চৌধুরী, রোকন রেহান ও সুলতানা রাজিয়াসহ অনেকে।
জাতিসংঘের আন্তর্জাতিক কর্মকর্তা হিসেবে কবি কাজী জহিরুল ইসলাম সংস্থাটির নিউইয়র্ক সদর দপ্তরে কর্মরত রয়েছেন। এ কারণে তাকে প্রবাসে থাকতে হয়। ছুটিতে দেশে এলে তার সঙ্গে দেখা করতে ও সান্নিধ্য পেতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন ভক্ত, শুভানুধ্যায়ী ও পাঠকেরা। এবারের অনুষ্ঠানেও নেত্রকোনার সুসং দুর্গাপুর থেকে আরিয়ান সিদ্দিক, পাবনার সাঁথিয়া থেকে আব্দুল্লাহ আল মামুন, ফরিদপুরের ভাঙ্গা থেকে সফিক ইসলাম এবং নরসিংদী থেকে কিবরিয়া লিপনসহ দেশের বিভিন্ন স্থান ও ঢাকা শহরের নানা প্রান্ত থেকে অনেকে যোগ দেন।
আলোচনায় বক্তারা ২০২৪ সালের জুলাইয়ের উত্তাল দিনগুলোতে কবি কাজী জহিরুল ইসলামের সাহসী ভূমিকার প্রশংসা করেন। এ সময় তার ‘শহীদ আবু সাঈদ’, ‘শহীদ মুগ্ধকে লেখা চিঠি’ ও ‘সাঁজোয়া থেকে গড়িয়ে পড়া শহীদ ইয়ামিনের দেহ’সহ বিভিন্ন কবিতার প্রসঙ্গ উঠে আসে।
কবি আতাহার খান তার ছন্দজ্ঞানের প্রশংসা করে বলেন, ‘এই সময়ের অন্যতম প্রধান বাঙালি কবি কাজী জহিরুল ইসলামের ছন্দশুদ্ধতা আমাকে মুগ্ধ করে।’
কবি জাকির আবু জাফর কাজী জহিরুল ইসলামের বিচরণশীলতা এবং গণমানুষের পক্ষে দাঁড়ানোর দৃঢ় ও আপসহীন মনোভাবের প্রশংসা করেন। জুলাইযোদ্ধা সাংবাদিক ও ছড়াকার আবিদ আজম তাকে জুলাইয়ের অন্যতম প্রধান কবি হিসেবে অভিহিত করেন।
নিজের বক্তব্যে কবি কাজী জহিরুল ইসলাম বলেন, ‘কবিকে মানুষের কথা বলতে হয়। প্রয়োজনে শাসকের বিরুদ্ধে দাঁড়াতে হয়। আমি আমার এই দায়িত্ব আজীবন পালন করে যেতে চাই।’
অনুষ্ঠানে প্রকাশনা সংস্থা জলধি থেকে প্রকাশিত কবির নতুন দুটি গ্রন্থ ‘দোতলার সিঁড়ি ঢলে পড়ে আছে ঘুমে’ এবং ‘আতাহার খানের প্যান্ডোরা বক্স’-এর মোড়ক উন্মোচন করা হয়।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগীতশিল্পী আলাউদ্দিন আহমেদ। অনুষ্ঠান শেষে কবিকে ঘিরে ভক্ত ও পাঠকদের অটোগ্রাফ সংগ্রহ, ফটোসেশন এবং আড্ডা চলে দীর্ঘক্ষণ।



