হেমন্ত সন্ধ্যায় গানে মাতালেন অদিতি মহসিন ও বাপ্পা

সংগৃহীত ছবি
হেমন্তের আবহে সংগীতের সুরে মেতে উঠল ঢাকার গুলশান লেকপার্ক। শনিবার সন্ধ্যায় গুলশান সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হলো ‘গানে গানে হেমন্ত সন্ধ্যা’। এতে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন অদিতি মহসিন। পরে আধুনিক ও জনপ্রিয় গান নিয়ে মঞ্চে ওঠেন সংগীতশিল্পী ও সুরকার বাপ্পা মজুমদার।
অনুষ্ঠানে অদিতি মহসিন গেয়ে শোনান রবীন্দ্রসংগীত ‘আনন্দধারা বহিছে ভুবনে’, ‘একটু কেবল বসতে দিও’, ‘ভালোবেসে সখী নিভৃতে যতনে’, ‘গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ’, ‘তুমি কি কেবলই ছবি’, ‘ও যে মানে না মানা’ ও ‘আমার এই পথ চলাতেই আনন্দ’সহ বেশ কয়েকটি গান।
রবীন্দ্রসংগীতের পরিবেশনা শেষে মঞ্চে ওঠেন বাপ্পা মজুমদার। ‘বৃষ্টি পড়ে অঝোর ধারায়’ গান দিয়ে শুরু হয় তাঁর পরিবেশনা। এরপর ‘পরী’, ‘আগে যদি জানতাম’, ‘দিন বাড়ি যায়’, ‘বায়োস্কোপ’ ও ‘গাড়ি চলে না’সহ মোট আটটি গান পরিবেশন করেন তিনি।
অনুষ্ঠানে গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, ‘হেমন্তের ক্ষেতে সোনালি ধান, কৃষকের চোখে-মুখে হাসি। এসব কিছুই উদযাপন করা হয় উৎসবের মধ্য দিয়ে। এটা আমাদের সংস্কৃতি, যা আমরা ভুলতে বসেছি। হেমন্তকে যেন ভুলে না যাই, সেজন্যই এই উৎসবের আয়োজন।’





