‘চাঁদনি পসরে’ হুমায়ূন আহমেদকে স্মরণ

হুমায়ূন আহমেদকে স্মরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছবি : আগামীর সময়
গল্প, আবৃত্তি ও সংগীতের সম্মিলনে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাহিত্যকর্মকে ভিন্ন এক শিল্পভাবনায় তুলে ধরেছে স্বরকল্পন আবৃত্তিচক্র। হুমায়ূন আহমেদের ছোটগল্প, নাটক ও চলচ্চিত্রে ব্যবহৃত গানের সমন্বয়ে শ্রুতি প্রযোজনা ‘চাঁদনি পসরে’ মঞ্চস্থ হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হয় এ আয়োজন। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ভিত্তিক আবৃত্তি সংগঠন স্বরকল্পন আবৃত্তিচক্র এ আয়োজন করে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গে যৌথভাবে আয়োজিত প্রযোজনাটিতে গল্প, আবৃত্তি ও সংগীতের সমন্বয়ে হুমায়ূন আহমেদের সাহিত্যকর্ম উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহা. হারুন-অর-রশিদ। সভাপতিত্ব করেন স্বরকল্পন আবৃত্তিচক্রের অধিকর্তা শহীদূল হক মিল্কী। প্রযোজনাটির নির্দেশনায় ছিলেন নির্মাতা জাহিদুর রহমান।
আতিকুর রহমান রুমন বলেন, ‘একটি জাতির প্রকৃত সমৃদ্ধি শুধু অর্থনৈতিক উন্নয়ন কিংবা অবকাঠামোগত অগ্রগতিতে সীমাবদ্ধ নয়; শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের মধ্য দিয়েই একটি জাতির প্রকৃত পরিচয় ফুটে ওঠে। হুমায়ূন আহমেদ তার সাহিত্যকর্মের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে যে স্থায়ী আসন তৈরি করেছেন, তা বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। তার সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ‘চাঁদনি পসরে’র মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
প্রযোজনাটির অন্যতম বৈশিষ্ট্য হলো হুমায়ূন আহমেদের ছোটগল্পকে প্রচলিত পাঠ কিংবা নাট্যরূপের বাইরে আবৃত্তি ও সংগীতের সম্মিলিত পরিবেশনায় উপস্থাপন। তাঁর গল্পের সাহিত্যিক আবেদন এবং হুমায়ূন আহমেদের শিল্পকর্মে ব্যবহৃত গানের আবহ মিলিয়ে দর্শক-শ্রোতাদের সামনে তৈরি করা হয় ভিন্নধর্মী শ্রুতিনির্ভর পরিবেশনা।
আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগ নতুন প্রজন্মের মধ্যে বাংলা সাহিত্য পাঠ, আবৃত্তিচর্চা ও সৃজনশীল সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াবে।
আয়োজনটির মধ্য দিয়ে হুমায়ূন আহমেদের সাহিত্যকে নতুন প্রজন্মের কাছে নতুন আঙ্গিকে পৌঁছে দেওয়ার পাশাপাশি আবৃত্তিশিল্পের সম্ভাবনাকেও তুলে ধরেছে স্বরকল্পন আবৃত্তিচক্র।



