এনসিপির সমাবেশে বিস্ফোরণ, যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে

মো. নুরুল ইসলাম ও মো. সজিব
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই নেতাকর্মীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ। আসামিরা হলেন- মো. নুরুল ইসলাম ও মো. সজিব।
এদিন দুই আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন সাভার থানার এসআই মো. শাখাওয়াত ইমতিয়াজ। রিমান্ড আবেদনে বলা হয়, গত ৬ জুলাই রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে মঞ্চের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন, তাদের মধ্যে দুই সাংবাদিকও রয়েছেন। ঘটনাস্থল থেকে বিস্ফোরকের টিনের কৌটার অংশ, লাল কস্টেপ, তারপিন ও বালুমাটি জব্দ করা হয়।
তদন্তে পুলিশ জানতে পারে, গ্রেপ্তার দুই ব্যক্তি সমাবেশ শুরুর আগে ও চলাকালে ঘটনাস্থল এবং এর আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার পরিকল্পনা, জড়িত অন্য ব্যক্তিদের পরিচয়, সম্ভাব্য বিস্ফোরক উদ্ধার এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। পরে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
সমাবেশে বিস্ফোরণের ঘটনায় সোমবার রাতে সাভার মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্যসচিব সালামত উল্লাহ রনি। অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয় এ মামলায়।






