কক্ষে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধর

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকি।
নিজের অফিস কক্ষে মারধরের শিকার হয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকি।
আজ বুধবার বেলা ১১টার দিকে ঘটে এ ঘটনা।
দুপুরে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক জাকি আগামীর সময়কে বলেছেন, ‘আমার এখানে হামলা হয়েছে। এটি একটি সরকারি অফিস। যেহেতু সরকারি অফিসে হামলা হয়েছে সরকার এ বিষয়ে ব্যবস্থা নেবে।’
তিনি জানান, বিষয়টি স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতকে জানাতে যাচ্ছেন।
দুস্কৃতকারীরা এ হামলা চালিয়েছে বলে জানিয়েছেন পরিচালক। তবে তারা কারা সে বিষয়ে তিনি কিছু জানাননি।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীরা এ মারধরের ঘটনায় যুক্ত।
ড্যাবের মহাসচিব জহিরুল ইসলাম শাকিল আগামীর সময়কে বলেছেন, ‘হামলার শিকার পরিচালক এবং হামলার সঙ্গে জড়িত ডা. জাহিদ হাসান উভয়ই ড্যাবের আজীবন সদস্য। আমরা খোঁজখবর নিচ্ছি।’
পরিচালকের সঙ্গে হওয়া ঘটনাকে অন্যায় বলে উল্লেখ করেছেন ড্যাবের মহাসচিব। তিনি বললেন, সংগঠনের নাম বা প্রভাব ব্যবহার করে এ ঘটনা হলে, সংগঠন জিরো টলারেন্স অবস্থানে থাকবে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
আইইডিসিআর সরকারের একটি গুরুত্বপূর্ণ সংস্থা। এর কাজ দেশে রোগ পরিস্থিতি পর্যবেক্ষণ, গবেষণা, সতর্কবার্তা দেওয়া ইত্যাদি। সংস্থাটি যৌথভাবে কাজ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) মতো সংস্থার সঙ্গে।
অধ্যাপক কাজী আহমেদ বিএনপি সরকার গঠন করার পর আইইডিসিআরের পরিচালক পদে বসেন। এ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সম্প্রতি হামের টিকার কার্যকারিতা নিয়ে গবেষণা করেন।



