মুক্তাগাছা
একসঙ্গে পথচলা, স্বামীর মৃত্যুর পরই স্ত্রীর মৃত্যু

মুহাম মিস্ত্রি ও সেলিনা বেগমের জন্য খোঁড়া হচ্ছে কবর। ছবি: আগামীর সময়
মৃত্যু কেড়ে নিল দুজনকেই। কয়েক মুহূর্ত আগেও যাদের একজন ছিলেন অন্যজনের জীবনসঙ্গী, সেই স্বামী-স্ত্রীর মৃত্যু হলো অল্প সময়ের ব্যবধানে।
ময়মনসিংহের মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নের বন্দগোয়ালীয়া পুরাতন বাজার এলাকায় এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন মোহাম্মদ আলী ওরফে মুহাম মিস্ত্রি (৬০) ও তার স্ত্রী সেলিনা বেগম (৪৫) আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে মুহাম মিস্ত্রির মৃত্যু হয়। এর কিছুক্ষণের মধ্যেই মারা যান তার স্ত্রী সেলিনা বেগম।
মো. আলিম উদ্দিনের দ্বিতীয় ছেলে মুহাম মিস্ত্রি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার বেয়াই দেলোয়ারের বলেন, মুহাম মিস্ত্রি আগে তিনবার স্ট্রোক করেছিলেন। গত পরশু তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়।
দেলোয়ার আরো বলেন, বুধবার সকালে সেলিনা বেগম তার বাড়িতে এসেছিলেন। পরে স্বামীর শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে তিনি সেখানে যান। সেলিনা গিয়ে দেখেন তার স্বামীর মুখ দিয়ে লালা পড়ছে। এর কিছু সময় পরই মুহাম মিস্ত্রির মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর পরপরই সেলিনা বেগম দাঁড়িয়ে থাকা অবস্থায় পড়ে যান। এরপর তারও মৃত্যু হয়।
স্বল্প সময়ের ব্যবধানে স্বামী-স্ত্রীর এমন মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। দীর্ঘদিনের সংসারজীবনের দুই সঙ্গীকে একসঙ্গে হারিয়ে পরিবারটি শোকাহত। মৃত্যুকালে মুহাম মিস্ত্রি ও সেলিনা বেগম তিন মেয়ে ও দুই ছেলেসহ পাঁচ সন্তান রেখে গেছেন।
স্থানীয় বাসিন্দা মুক্তার হোসেন জানান, মাগরিবের নামাজের পর বন্দগোয়ালীয়া পুরাতন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে বাড়ির পাশের গোরস্থানে তাদের দাফন করা হবে।




