জজ সাহেবের সঙ্গে লেনদেনে যাবেন না: নবীন আইনজীবীদের উদ্দ্যেশ্যে আইনমন্ত্রী

নবীন আইনজীবীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আইনমন্ত্রী আসাদুজ্জামান
নবীন আইনজীবীদের উদ্দ্যেশ্যে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আপনাদের বলব ছোট বারান্দার আইনজীবী হওয়ার চেষ্টা করবেন না। সবসময় বড় বারান্দার আইনজীবী হিসেবে থাকবেন। ছোট বারান্দা হলো জজ সাহেবদের বারান্দা। ওই বারান্দাতে ঢুকে জজ সাহেবের সঙ্গে লেনদেনের দিকে যাবেন না।
আজ শুক্রবার ঢাকা আইনজীবী সমিতির আয়োজনে নবীন আইনজীবীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।
আদালতে আইনজীবীদের দলীয় প্রভাব উল্লেখ করে তিনি বলেছেন, আদালত অঙ্গনে কিছু কিছু আইনজীবী দলীয় আধিপত্যবাদী মনোভাব দেখাচ্ছেন। এখনো আদালতের সামনে গিয়ে আইনের থেকে ক্ষমতার দম্ভ বেশি দেখান। কিন্তু আমরা চাই, এই অবস্থার অবসান হোক। আমরা চাই, প্রত্যেকটা আইনজীবী আদালতের সামনে আইনের কথা তুলে ধরুক। আইনের শাসন প্রতিষ্ঠা হোক।
আসাদুজ্জামান বলেছেন, যে রক্তাক্ত পথ ধরে আমরা এসেছি, সেই রক্তের পথ অনেক পিচ্ছিল ছিল। বিগত ১৬ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের সাড়ে ৪ হাজারের বেশি সহযোদ্ধাকে হারিয়েছি। যাদেরকে ক্রসফায়ার করা হয়েছে। আমাদের সাতশোর বেশি সহযোদ্ধাকে হারিয়েছি যাদের গুম করা হয়েছে। আমরা এ দেশের সমস্ত খুনের বিচার করতে চাই।
আসাদুজ্জামান উল্লেখ করেন, আমাদের ৬০ লাখের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়েবি মামলা করা হয়েছিল, যাদের অনেকেই ঘটনার বিশ বছর আগে মারা গেছে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, বাংলাদেশের মাটিতে সমস্ত অন্যায়-অবিচারের বিচার করতে চাই। এ ব্যাপারে আমরা বদ্ধপরিকর। আমরা একটি সোনার বাংলাদেশ গড়ে তোলার সোপান তৈরি করে দিয়ে যেতে চাই। যে পথ ধরে বাংলাদেশ আইনের শাসনের পথ সুগম হবে।
অনুষ্ঠানে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. আনোয়ার জাহিদ ভূইয়ার সভাপতিত্বে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ঢাকার জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির, ঢাকা অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন, ঢাকার ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কালাম খান। ঢাকা আইনজীবীর সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. ইলতুৎমিশ সওদাগর (এ্যানী) সঞ্চালনায় ও অফিস সেক্রেটারি মো. আবজাল হোসাইন মৃধার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।



