বনানীতে গ্যাসের চুলার আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী, অবস্থা আশঙ্কাজনক

সংগৃহীত ছবি
রাজধানীর বনানীতে সিলিন্ডার গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়েছেন ফিলিপাইনের কেইস্টিন ভার বুনাগ (৩২) নামের এক নারী। তার শরীরের ৬৩ শতাংশ পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টার দিকে বনানীর ৭ নম্বর সড়কের বি/১ নম্বর বাসার ঘটনা এটি।
ভবনটির পরিচালক আল আমিন জানান, দগ্ধ নারী ও তার জাপানি সঙ্গী নাকাশিমা ফুমিয়াকি পর্যটক ভিসায় চলতি মাসের ১৫ তারিখে বাংলাদেশে আসেন। তারা দুই মাসের জন্য বাসাটি ভাড়া নিয়েছিলেন।
আলামিনের ভাষ্য, সকালে রান্না করতে গিয়ে গ্যাসের চুলায় আগুন জ্বালানোর সময় দগ্ধ হন ওই নারী। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধ্যায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বাসাটিতে ভূগর্ভস্থ স্থানে গ্যাসের সিলিন্ডার রাখা ছিল বলেও জানান তিনি।
দগ্ধ নারীর সঙ্গী জাপানি নাগরিক নাকাশিমা ফুমিয়াকি জানান, কেইস্টিন ভার বুনাগ তার বান্ধবী। সকালে রান্না করতে গিয়ে চুলায় আগুন জ্বালানোর সময় তিনি দগ্ধ হন। তারা দুজনই চলতি মাসের ১৫ তারিখে পর্যটক ভিসায় বাংলাদেশে এসেছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, কেইস্টিন ভার বুনাগের শরীরের ৬৩ শতাংশ পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।




