তথ্য অধিকার সম্মেলনে ড. ইফতেখারুজ্জামান
তথ্য কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ

তথ্য কমিশন গঠনে সাবেক অন্তর্বর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, ‘তখন সরকারে যারা ছিলেন তাদের অনেকেই আমাদের বন্ধু ছিলেন। তাদের হাত-পায়ে ধরেছি; কমিশন গঠন করুন, কমিশন গঠন করুন। তারা ব্যর্থ হয়েছেন। বর্তমান সরকারেরও সাত মাস পার হয়ে গেছে, একই ধারা। তারাও সেদিকে ধাবিত হচ্ছে।’
গতকাল মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে ডেইলি স্টার সেন্টারে ‘আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস ২০২৬’ উপলক্ষে তথ্য অধিকার সম্মেলনে এসব কথা বললেন তিনি।
‘কমিশন গঠনে অত্যন্ত সচেষ্ট হয়ে ব্যর্থতার বিশ্ব রেকর্ড করার দিকে ধাবিত হয়েছে সরকার এবং এমন একটি বিশ্ব রেকর্ড হয়েছে এই রকম আইন করে যে, আর কোনো দেশ বানাতে পারবে না। অত্যন্ত বিব্রতকর বিষয়। এটা আইনের লঙ্ঘন। আমরা মানুষ যখন আইনের লঙ্ঘন করি, আমাদের বিচার হয়। সরকার যখন আইনের লঙ্ঘন করে তখন কী হবে?’— প্রশ্ন রাখলেন ড. ইফতেখারুজ্জামান।
তিনি বললেন, ‘অতীতে দলীয় ক্যাডার দিয়ে পরিচালনা করা হয়েছে তথ্য কমিশন। আমাদের জন্য দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। আবার যেন একই অবস্থা না হয়। তবে সে আশঙ্কা উড়িয়ে দিতে চাই না। আমি আশাবাদী হলেও উদ্বেগ রয়েছে। দেখতে চাই আসলে সত্যিকার অর্থে কেমন কমিশন হয়।’
এমআরডিআইর নির্বাহী পরিচালক হাসিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম। বিশেষ অতিথি ছিলেন তথ্য কমিশনের সচিব শাহ আলম, এনজিওবিষয়ক ব্যুরোর পরিচালক ড. কে এম মামুন উজ্জামান প্রমুখ।



