সমাবেশে যাওয়ার পথে অসুস্থ হয়ে দুই গ্রাম পুলিশের মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশদের মহাসমাবেশে যোগ দিতে যাওয়ার পথে তীব্র গরমে অসুস্থ হয়ে দুই সদস্যের মৃত্যু হয়েছে।
আজ শনিবার হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অসুস্থ আরও কয়েকজন গ্রাম পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মৃত ব্যক্তিরা হলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মো. জমসেদ আলী (৪৭) এবং ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের মো. কাইমুদ্দিন (৫৮)।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার দুপুরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশদের এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। বিকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই সদস্যের মৃত্যুর তথ্য জানানো হয়।
সমাবেশ শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন অসুস্থ ও আহত গ্রাম পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে অসুস্থ ও আহত ব্যক্তিদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। তাদের চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে বলেও জানিয়েছেন তিনি।
এ ছাড়া নিহত দুই সদস্যের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান প্রতিমন্ত্রী। সরকারের পক্ষ থেকে তাদের প্রত্যেকের পরিবারকে তিন লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
পরিবারের একজন যোগ্য সদস্যকে গ্রাম পুলিশের চাকরিতে নিয়োগ দেওয়ার কথাও জানান তিনি।
সরকারি খরচে নিহতদের মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া এবং দাফন-কাফনের ব্যবস্থা করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।




