মসজিদের কমিটি নিয়ে বিরোধ, ধাক্কাধাক্কিতে বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ

মসজিদের ভেতরে হট্টগল
শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধের জেরে ধাক্কাধাক্কির ঘটনায় আবু সালেহ আহমেদ নামে বিএনপির এক নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে।
আজ শুক্রবার জুমার নামাজের সময় মসজিদের ভেতরে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির একপর্যায়ে তিনি পড়ে গিয়ে জ্ঞান হারান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবু সালেহ আহমেদ ভারুয়া কেন্দ্রীয় জামে মসজিদের নবগঠিত কমিটির সভাপতি এবং নলকুড়া ইউনিয়নের ভারুয়া ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের সময় মসজিদের নতুন কমিটি গঠন নিয়ে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মতিনের অনুসারীদের সঙ্গে সালেহ আহমেদের পক্ষের লোকজনের ধাক্কাধাক্কি হয়। এ সময় মসজিদের ভেতরেই পড়ে গিয়ে জ্ঞান হারান সালেহ আহমেদ। পরে তাকে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মতিনসহ ১৪ থেকে ১৫ জনকে আসামি করে ঝিনাইগাতী থানায় মামলা করেছেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের বিরোধের ঘটনায় আহত অবস্থায় সালেহ আহমেদকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’



