রাজধানীতে সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার ও মিরপুর-১ সংলগ্ন এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান, স্থাপনা ও হকার উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়ন (৪১ বিএন)-এর ৩০ সদস্য দায়িত্ব পালন করেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ডিএনসিসি প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এ অভিযান শুরু হয়। ফার্মগেট থেকে জিয়া উদ্যান, সংসদ ভবন, কারওয়ান বাজার, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা, পাইকপাড়া হয়ে মিরপুর-১ সংলগ্ন এলাকা পর্যন্ত সড়ক ও ফুটপাতের দুই পাশে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অনুমোদনবিহীন বিজ্ঞাপনী বিলবোর্ড ও ইউনিপোল সাইন অপসারণের পাশাপাশি সড়ক ও ফুটপাত দখল করে স্থাপিত বিভিন্ন দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। হকারদেরও সরিয়ে দেওয়া হয়।
অভিযানটি নির্বিঘ্নে সম্পন্ন করতে পরিচালক (৪১ বিএন) মো. জানে আলম সুফিয়ানের নির্দেশনায় কোম্পানি কমান্ডার মো. ইমাম মেহেদির নেতৃত্বে ৩০ জন আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে ১০ জন সশস্ত্র সদস্য ছিলেন। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অভিযানে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের ১৮ সদস্যও অভিযানে দায়িত্ব পালন করেন।
অভিযান চলাকালে রাষ্ট্রীয় কাজে অসহযোগিতার অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ফার্মগেট এলাকা থেকে তিনজনকে আটক করেন আনসার সদস্যরা। পরে বিধি অনুযায়ী তাদের মধ্যে দুজনকে ১০ হাজার টাকা করে এবং অপরজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।



