মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় জমি দখলের চেষ্টার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ সোমবার ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই তথ্য।
পুলিশ জানায়, চাঁদ উদ্যান এলাকায় জমি দখলের চেষ্টার ঘটনায় অভিযান চালিয়ে ওই আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গতকাল রবিবার চাঁদ উদ্যান হাউজিং এলাকায় জমি দখলকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও মালামাল নিয়ে যাওয়ার ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
তারা হলেন মো. লিমন (২৩) ও মো. মনোয়ার হোসেন সাদ্দাম (২৫)।
এর আগে গত শনিবারের ওই ঘটনায় আনোয়ার হোসেন রিপন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে রবিবার মোহাম্মদপুর থানায় মামলা করেন।
মামলার পর মোহাম্মদপুরের ২৯ নম্বর বাসা থেকে লিমনকে এবং বাঁশবাড়ি এলাকা থেকে মনোয়ার হোসেন সাদ্দামকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, লিমন ও সাদ্দামের বিরুদ্ধে এর আগেও ছিনতাই ও মারামারির মামলা রয়েছে। তারা চুক্তিতে ছিনতাই এবং জমি দখলের কাজে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে একদল মানুষকে ওই জমিতে থাকা একটি কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকতে দেখা যায়। পরে সেখানকার বিভিন্ন মালামাল সরিয়ে নেওয়ার দৃশ্যও দেখা যায়।
মোহাম্মদপুর থানা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই ঘটনায় দেড় থেকে দুই শতাধিক মানুষ অংশ নেয়।
পুলিশ বলছে, জমিটি মো. আলমের দখলে ছিল। শনিবার সকালে জনি ও রেজাউলের নেতৃত্বে ১৫০ থেকে ২০০ জন সেখানে গিয়ে জমির আগের টিনের বেড়া ভেঙে দেন। পরে তারা জমিতে থাকা একটি কার্যালয়ে ঢুকে ভাঙচুর করেন এবং নতুন করে টিনের বেড়া দিয়ে জমিটি দখলের চেষ্টা করেন।
জমিটির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে বলে এর আগে জানিয়েছিলেন মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম।
গত শনিবার তিনি বলেছিলেন, জমিটির মালিকানা নিয়ে বিরোধ থাকায় সংশ্লিষ্ট পক্ষগুলোকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আদালত যে পক্ষের পক্ষে রায় দেবেন, আইনগতভাবে সেই পক্ষই জমির অধিকার পাবেন।




