অবশেষে পুলিশের জালে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আফতাব

আফতাব বিন তমিজ
একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আফতাব বিন তমিজকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
আফতাব একজন স্ক্রিপ্ট রাইটার, দেশ-বিদেশে বিভিন্ন ধরনের মেলার আয়োজক ও অ্যাড পয়েন্টের সত্ত্বাধিকারী।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আফতাব হাতিরঝিল থানার দিলু রোডের স্থায়ী বাসিন্দা। তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ, প্রতারণা, অর্থ আত্মসাতের মামলা রয়েছে।
হাতিরঝিল থানা পুলিশ বলছে, আসামি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তাকে গত ২ জুন রাতে গ্রেপ্তার করা হয়।
আফতাবের বিরুদ্ধে আরও অভিযোগ পাওয়া গেছে। পল্টনের আল্টিমেট এয়ার ইন্টারন্যাশনালের প্রোপ্রাইটর মো. সালামত উল্লা অভিযোগ করেন, তার অফিস থেকে এয়ার টিকেট বাবদ মোট ১৮ লাখ টাকা পাওনা। বিগত প্রায় ৮ মাস এ পাওনা পরিশোধের জন্য বার বার অনুরোধ করা হলেও মেলেনি সাড়া।
পরে তিনটি চেক ডিজঅর্নার হওয়ায় আফতাবের বিরুদ্ধে মামলা হয়। এ ছাড়া আরও অসংখ্য ব্যক্তি তার কাছে টাকা পান বলে অভিযোগ। আফতাবের ব্যবসায়িক অংশীদার যুক্তরাষ্ট্র প্রবাসী লিটনের অভিযোগ, তিনি আফতাবের কাছে প্রায় ১৫ লাখ টাকা পান।




