শাহজালালে ৩ কোটি ৭৮ লাখ টাকার স্বর্ণ জব্দ, যাত্রী আটক

গোয়েন্দ কর্মকর্তাদের হাতে আটক মোহাম্মদ রুহুল আমিন। ছবি : সংগৃহীত
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা।
আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের (এফজেড ৫০১) একটি ফ্লাইটের যাত্রীর কাছ থেকে জব্দ করা হয় এসব স্বর্ণ।
সিআইআইডি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের কাস্টমস হলের গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থান নেন গোয়েন্দা কর্মকর্তারা।
এ সময় ওই ফ্লাইটের যাত্রী মোহাম্মদ রুহুল আমিনের (পাসপোর্ট নম্বর: B00901521) গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার সঙ্গে থাকা সব লাগেজ স্ক্যান করা হয়।
পরে শরীরের ভেতরে অবৈধ পণ্য বহনের সন্দেহে ওই যাত্রীকে স্ক্যান করা হয়। একপর্যায়ে তিনি সঙ্গে স্বর্ণের বার থাকার কথা স্বীকার করেন।
এরপর বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা ও অন্যান্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে তার কাছ থেকে স্কচটেপে মোড়ানো কয়েকটি ধাতব বস্তু উদ্ধার করা হয়। পরে কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে সবার সামনে স্কচটেপ খুলে ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১১৭ গ্রাম।
কর্মকর্তারা জানিয়েছেন, জব্দ করা স্বর্ণের বারগুলোর মোট ওজন ২ হাজার ১০৬ গ্রাম বা ২ কেজি ১০৬ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।





