বিশ্বনেতাদের প্রশংসায় ফ্লাইদুবাইয়ের পাইলট স্মিত মচ্ছর

ফ্লাইদুবাইয়ের ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছর। ছবি : সংগৃহীত
মাঝ আকাশে সহ-পাইলটের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েও বিমানের নিয়ন্ত্রণ ধরে রাখায় প্রশংসায় ভাসছেন ফ্লাইদুবাইয়ের ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছর। তার সাহসিকতার প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
নেতানিয়াহু স্মিতকে ‘সত্যিকারের নায়ক’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, গুরুতর আহত হওয়ার পরও স্মিত প্রতিরোধ করেন এবং ককপিটের দরজা খুলে দেন। এতে যাত্রী ও ক্রুরা হামলাকারীকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বড় ধরনের মাঝ আকাশের দুর্ঘটনাও এড়ানো সম্ভব হয়। নেতানিয়াহুর হিসাবে, এতে ১৭৪ জনের জীবন রক্ষা পেয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও স্মিতের প্রশংসা করেছেন। বৃহস্পতিবার এক্সে দেওয়া পোস্টে তিনি তাকে ‘নায়ক’ বলে উল্লেখ করেন। মোদি বলেছেন, গুরুতর আহত অবস্থাতেও স্মিত অসীম সাহস দেখিয়েছেন। অন্যদের জীবন রক্ষার দায়িত্ব থেকেও তিনি সরে যাননি। তার দ্রুত সুস্থতাও কামনা করেছেন মোদি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভারতীয় এই পাইলটের সাহসিকতার প্রশংসা করেছেন। ট্রাম্প তাকে ‘হিরো’ হিসেবে উল্লেখ করেছেন। তবে ঘটনাটি সন্ত্রাসী হামলা কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত কোনো মন্তব্য করেননি। হামলার উদ্দেশ্য ও প্রকৃতি নিয়ে তদন্ত চলছে।
মাঝ আকাশে কী ঘটেছিল
ঘটনাটি বুধবার দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটে। উড়োজাহাজটিতে ১৭৪ জন ছিলেন। তাদের মধ্যে ২৭ জন শিশু ছিলেন।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, উড়োজাহাজটি আকাশে থাকা অবস্থায় সহ-পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরের ওপর ছুরি নিয়ে হামলা করেন। এরপর বিমানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় বিমানটি দ্রুত নিচে নামতে শুরু করে। ফ্লাইট-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, অল্প সময়ের মধ্যে বিমানটি প্রায় ১৪ হাজার ফুট নিচে নেমে যায়।
গুরুতর আহত অবস্থাতেও স্মিত ককপিটের দরজা খুলে দেন বলে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন। এরপর যাত্রী ও ক্রুরা ককপিটে ঢুকে সহ-পাইলটকে নিয়ন্ত্রণে আনেন। বিমানে থাকা আরও দুজন অফ-ডিউটি ফ্লাইদুবাই পাইলটও পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন।
পাইলটকে ছুরিকাঘাত থেকে বিমান বিধ্বস্তের চেষ্টা, ইসরায়েলগামী ফ্লাইটে কী ঘটেছিল?
৩০ সেপ্টেম্বর ২০২৬
ঘটনার পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এটিকে ‘জিহাদি সন্ত্রাসী হামলার চেষ্টা’ হিসেবে উল্লেখ করেছেন। তবে হামলার উদ্দেশ্য বা ঘটনাটির প্রকৃতি সম্পর্কে তদন্তের চূড়ান্ত ফল এখনো প্রকাশ হয়নি। ফ্লাইদুবাইও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো আগাম সিদ্ধান্তে না যাওয়ার আহ্বান জানিয়েছে।
কে এই স্মিত মচ্ছর
ক্যাপ্টেন স্মিত মচ্ছর একজন ভারতীয় পাইলট। তিনি ফ্লাইদুবাইয়ের বোয়িং ৭৩৭ বহরের ক্যাপ্টেন। ২০২২ সালে ফ্লাইদুবাইয়ে যোগ দেওয়ার আগে প্রায় ১১ বছর ভারতের স্পাইসজেটে কাজ করেছেন।
স্পাইসজেটে তিনি সিনিয়র কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি অন্য পাইলটদের প্রশিক্ষণ ও মূল্যায়নের কাজও করেছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বোয়িং ৭৩৭ উড়োজাহাজে তার প্রায় ৯ হাজার ৭৫০ ঘণ্টা উড্ডয়ন অভিজ্ঞতা রয়েছে।
হামলায় গুরুতর আহত স্মিত বর্তমানে সৌদি আরবের তাবুকে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে সহ-পাইলটকে সৌদি কর্তৃপক্ষ আটক করেছে বলে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন। তার বিরুদ্ধে কী অভিযোগ আনা হবে এবং হামলার উদ্দেশ্য কী ছিল, তা তদন্তের পর স্পষ্ট হবে।




