আগামীর সময় কার্যালয় ঘুরে দেখলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

আগামীর সময়ের প্রধান কার্যালয় গতকাল ঘুরে দেখলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। পরে কনফারেন্স রুমে সম্পাদক মোস্তফা মামুনের সঙ্গে মতবিনিময় শেষে ফটোসেশন -আগামীর সময়
আগামীর সময়ের প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। গতকাল শনিবার রাজধানীর কারওয়ান বাজারে কার্যালয়টি ঘুরে দেখার পাশাপাশি সংবাদ সংগ্রহ, সম্পাদনা, পত্রিকা প্রকাশ ও সাংবাদিকতার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে নেন ধারণা।
পরিদর্শনে পত্রিকার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষার্থীরা। পরে আগামীর সময়ের কনফারেন্স রুমে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন সম্পাদক মোস্তফা মামুন। তিনি বলেছেন, ‘আমরা মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে চাচ্ছি। আগের যে পত্রিকার লেখার স্টাইল আছে, পরিবর্তন করতে চাচ্ছি সেগুলো। একই সঙ্গে নতুন করে দেখার চেষ্টা করছি সবকিছু।’
‘সাংবাদিকতায় শুধু প্রচলিত ধারার সংবাদ পরিবেশন নয়, বরং নতুন চিন্তা ও দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করা প্রয়োজন। পাঠকের কাছে সংবাদকে আরও কার্যকর ও অর্থবহ করে তুলতে সাংবাদিকদের যেতে হবে বিষয়বস্তুর গভীরে’— রিপোর্টিং নিয়ে বলছিলেন তিনি।
সাংবাদিকতা পেশায় প্রবেশের ক্ষেত্রে আলাদা কোনো পরীক্ষা থাকা প্রয়োজন কি না এবং অপসাংবাদিকতা রুখতে সম্পাদকের মতামত জানতে চান শিক্ষার্থীরা। মোস্তফা মামুনের জবাব, ‘সাংবাদিকতায় পেশাগত মান, দায়িত্বশীলতা ও নৈতিকতার গুরুত্ব অপরিসীম। কপি-পেস্ট সাংবাদিকতা থেকে বেরিয়ে আসতে হবে। সেই পরিবর্তনের ছোঁয়া আছে আগামীর সময়ে। নতুন একটা দর্শন তৈরি করতে চাই আমরা।’
মতবিনিময় শেষে আগামীর সময়ের সংবাদকর্মীদের কাজের ধরন, সংবাদ নির্বাচন, রিপোর্টিং ও সম্পাদনা প্রক্রিয়া সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন শিক্ষার্থীরা। তাদের নানা প্রশ্নের উত্তর দেন পত্রিকার সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাংবাদিকরা।



