রাজধানীতে পূর্বশত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর খিলগাঁওয়ে বাসা থেকে ডেকে নিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকালে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সকাল পৌনে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
খিলগাঁও থানার এসআই অনয় জানিয়েছেন, মোস্তফার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে নাগদারপাড় পেট্রোল পাম্পের অপর পাশে ওয়ার্কশপের ভেতরে তাকে মারধর করা হয় তাকে।
নিহত মোস্তফা (২২) খিলগাঁও নেওয়াজবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবার নাম নেয়ামত আলী।
মোস্তফার বোন জুলেখার অভিযোগ, ভোর ৩টার দিকে মোস্তফার বন্ধু হৃদয় তাকে ডেকে নগদারপাড় ওয়ার্কশপে নিয়ে যায়। পরে সেখানে হোসেন, ইউনুস, খানসহ চার-পাঁচ জন মিলে মোস্তফাকে মারধর ও ছুরিকাঘাত করে। মারধরের এক পর্যায়ে মোস্তফা মারা যায়। পরে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
জুলেখার ভাষ্য, ‘৫ থেকে ৬ বছর আগে আমাদের সাথে হোসেনের বিরোধ হয়। সেই সময়ে হোসেন তার লোকজন নিয়ে আমাদের মারধর করে এবং আমাদের নামে মামলা দেয়। ওই মামলায় এখনো চলমান’।
তিনি আরও বলেন, ‘ওই সময়ে আমরা মাছ ধরার জন্য একটি ডোবা কিনি। কিন্তু হোসেন সেই পুকুর থেকে আমাদের মাছ ধরতে দেয়নি। বিরোধের সূত্রপাত সেখান থেকেই। এ ঘটনায় পরে মামলা হয়’।



