শাহজালালে এক কোটি ৩৭ লাখ টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ৩

শাহজালাল বিমানবন্দর থেকে স্বর্ণালঙ্কারসহ তিনজন আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৭৪ ভরি স্বর্ণালঙ্কারসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তারা হলেন— মো. নাসির মোল্লা (৪০), সোহাগ শেখ (২৪) ও মো. হাছান মিয়া (২৩)।
এপিবিএন জানায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে বিমানবন্দরের গোলচত্বর সংলগ্ন উত্তর পাশের ফুটপাতে তিন ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে এয়ারপোর্ট এপিবিএন ফোর্স তাদের আটক করে।
পরে তাদের শরীর তল্লাশি করে ৮৬১.৮ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়, যা প্রায় ৭৪ ভরি। উদ্ধার করা স্বর্ণালংকারগুলো ২১ ও ২২ ক্যারেটের। এগুলোর বাজারমূল্য এক কোটি ছত্রিশ লাখ ছিয়াশি হাজার টাকা।
এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির বলেছেন, ‘উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে ঢাকায় আনা হয়েছে। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।’




