শাহজালালে ৫ কোটি টাকার মোবাইল ফোন জব্দ

সংগৃহীত ছবি
কাপড়ের রোলের আড়ালে মিথ্যা ঘোষণায় হংকং থেকে আমদানি করা প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ হাজার ৬৫৫টি মোবাইল ফোন জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এসব পণ্য জব্দ করা হয়।
কাস্টমস জানিয়েছে, থিয়ানিস অ্যাপারেলস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের নামে আসা ওই চালানটিতে পণ্যের বিবরণ হিসেবে ‘নিট ফেব্রিকস’ বা বোনা কাপড় উল্লেখ করা হয়েছিল। ঘোষিত পণ্যের পরিবর্তে এমন বিপুল মোবাইল আমদানির ঘটনায় বড় ধরনের শুল্ক ফাঁকি ও মিথ্যা ঘোষণার প্রমাণ মিলেছে।
মোবাইল ফোনগুলোর প্রকৃত মডেল, আইএমইআই নম্বর, নতুন-পুরনো অবস্থা, বাজারমূল্য এবং প্রযোজ্য শুল্ক-কর নির্ধারণের কাজ চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রচলিত কাস্টমস আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কাস্টমসের প্রাথমিক গণনায় আটক মোবাইল ফোনের মধ্যে ৪৫০টি রেডমি ১৪সি, ১৫০টি রেডমি ১৫সি এবং পুরনো আইফোনসহ বিভিন্ন চীনা ব্র্যান্ডের আরও ১ হাজার ৫৫টি ফোন রয়েছে।





