চলন্ত ট্রেন থেকে পড়ে রক্তাক্ত যুবক, অবস্থা আশঙ্কাজনক

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বিপরীতে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক (৩৫) গুরুতর আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ওই যুবকের পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল কালো ট্রাউজার। রেললাইনের পাশে পড়ে থাকা অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে রাত সাড়ে ৮টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক। তার জ্ঞান ফেরেনি বলে জানা গেছে।
হাসপাতালে নিয়ে আসা পথচারী ফয়েজ উল্লাহ বলেন, স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পেরেছেন, ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তির সময় ওই যুবককে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে।
উদ্ধারকারী আরেক ব্যক্তি ফাহাদ বলেন, ‘ট্রেন রাস্তা থেকে আমি একটু দূরে ছিলাম। সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে অনেকেই ভিড় জমিয়েছিল। আহত ব্যক্তিকে ঘিরে অনেকেই বলাবলি করছিল, ছিনতাইকারীরা তাঁকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়েছে। ট্রেনটি ঢাকা কমলাপুরের দিকে যাচ্ছিল।’
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন জানান, ওই যুবক আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



